ঢাকা | বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,৪ অগ্রহায়ণ ১৪৩৩

ভর্তি পরীক্ষা স্থগিতের হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি

দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার বিষয়ে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। আদালতের পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে পাওয়ার পরপরই আপিলের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (১৮ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘রায়ের বিষয়টি আমরা শুনেছি। আমরা আপিল করার সিদ্ধান্ত নিয়েছি।’

এর আগে সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুন নাহার মাহমুদের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বুধবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে এ আদেশ দেন।

আদেশ অনুযায়ী, এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ এবং আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিতে পারবে না। তবে ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ কার্যক্রম অব্যাহত রাখা যাবে।

রিট আবেদনকারী আইনজীবী কামরুন নাহার মাহমুদের দাবি, এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য হওয়া বিপুলসংখ্যক শিক্ষার্থীকে সম্পূরক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিয়েছে সরকার। এসব পরীক্ষার ফল আগামী ২৩ ডিসেম্বর প্রকাশের কথা রয়েছে। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৫ ডিসেম্বর শুরু হওয়ার কথা থাকায় সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্যেই রিট আবেদনটি করা হয়েছে।

এর আগে শিক্ষার্থীদের স্বার্থ ও জাতীয় প্রেক্ষাপট বিবেচনায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি পুনর্বিবেচনার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে অনুরোধ জানিয়েছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

কমিশনের প্রস্তাব অনুযায়ী, পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের পর জানুয়ারি থেকে ভর্তি আবেদন গ্রহণ এবং ফেব্রুয়ারি থেকে সমন্বিতভাবে ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা ছিল। তবে এ প্রস্তাবে সম্মতি না দিয়ে গত ৯ নভেম্বর সাধারণ ভর্তি কমিটির জরুরি সভায় পূর্বঘোষিত সূচি অনুসরণ করার সিদ্ধান্ত নেয় ঢাবি কর্তৃপক্ষ।

সেই সূচি অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৫ ডিসেম্বর শুরু হয়ে ২৬ ডিসেম্বর পর্যন্ত চলার কথা রয়েছে। এ ছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ১০ থেকে ২১ জানুয়ারি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৮, ৯ ও ১৬ জানুয়ারি এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা। মেডিক্যাল ও ডেন্টাল কলেজসহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাও ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে আয়োজনের পরিকল্পনা রয়েছে। ফলে হাইকোর্টের আদেশ বহাল থাকলে ৩১ ডিসেম্বরের আগে নির্ধারিত ভর্তি পরীক্ষাগুলো স্থগিত বা পেছাতে হতে পারে।

উল্লেখ্য, গত ৩১ অক্টোবর চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়। ১১টি শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ, যা গত ২২ বছরের মধ্যে সর্বনিম্ন। পরীক্ষায় অংশ নেয়া ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। অন্যদিকে এক বা দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন শিক্ষার্থী।

ফল প্রকাশের পর উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়ে। সাত দিনে ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী মোট ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি বিষয়ে খাতা চ্যালেঞ্জের আবেদন করেন।