ঢাকা | বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,৪ অগ্রহায়ণ ১৪৩৩

ডাইনিং কর্তৃপক্ষের উদাসীনতায় ভুগছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর ডাইনিংয়ের খাবার নিয়ে শিক্ষার্থীদের অসন্তুষ্টি যেন নিত্যদিনের ঘটনা। যেখানের খাবারে প্রায়ই মিলছে তেলাপোকা, টিকটিকি ও লার্ভাজাতীয় নানা কীটপতঙ্গ।

গত ২৭ অক্টোবর অগ্নিবীণা হলের ডাইনিংয়ে ভাতের মধ্যে সেদ্ধ টিকটিকি পাওয়া যায়। ওই দিন দুপুরে প্লেটের অর্ধেক ভাত খাওয়ার পর বিষয়টি দেখতে পান শিক্ষার্থী আরেফিন তানভীর। পরে ডাইনিং পরিচালককে জানানোর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ছবি প্রকাশ করেন তিনি।

গত সোমবার বিদ্রোহী হলের ক্যান্টিনে খাওয়ার সময় শিমের মধ্যে পোকা দেখতে পান এক শিক্ষার্থী। ক্ষুব্ধ হয়ে খাবার না খেয়ে প্লেট নিয়ে প্রভোস্টের রুমে যান তিনি। প্রভোস্টকে না পেয়ে প্লেট টেবিলে রেখে চলে আসেন। এর আগে গত ৯ নভেম্বর ক্যান্টিন থেকে নেওয়া সবজি-ডালের পার্সেলেও লার্ভা পাওয়ার অভিযোগ করেন এক শিক্ষার্থী। ৮ নভেম্বর একই হলের ডাইনিংয়ে খাবারের মধ্যে লার্ভা দেখতে পান আরেক শিক্ষার্থী। এর আগে বিশ্ববিদ্যালয়ের একটি হলের ডাইনিংয়ের খাবারে তেলাপোকা পাওয়ার অভিযোগও ওঠে।

ডাইনিং পরিচালক আলামিন জানান, ‘সিলিং থেকে টিকটিকিটি ভাতের পাতিলে পড়ে যায়। পাতিলের ঢাকনা খোলা থাকায় বিষয়টি আগে কারও নজরে আসেনি। অভিযোগ পাওয়ার পর ওই পাতিলের সব ভাত ফেলে দেওয়া হয়।’

বিদ্রোহী হলের প্রভোস্ট ড. মো. সাইফুল ইসলাম বলেন, ‘আগের ঘটনাগুলো সম্পর্কে ডাইনিং কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। তাদের দাবি, যে দোকান থেকে চাল কেনা হয়েছিল, সেখান থেকে পুরোনো চাল দেওয়া হয়েছিল। বস্তার মধ্যে চাল দলা পাকিয়ে গিয়েছিল। সেই চালেই পোকা ছিল। অভিযোগ পাওয়ার পর চাল পরিবর্তন করা হয়েছে।’ তবে ১৬ নভেম্বরের ঘটনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘ডাইনিং কর্তৃপক্ষের সঙ্গে আবার কথা বলব।’

অগ্নিবীণা হলের প্রভোস্ট মো. হারুনুর রশিদ বলেন, ‘বিষয়টি জানার পর ডাইনিং পরিচালককে সতর্ক করা এবং শোকজ করা হয়েছে। ডাইনিং কর্তৃপক্ষ এর জবাবও দিয়েছে। পরবর্তী মিটিংয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

হলের খাবার নিয়ে জানতে চাইলে বিদ্রোহী হলের শিক্ষার্থী হৃদয় আহমেদ বলেন, ‘ভাত মোটা, তরকারি আধা সেদ্ধ এবং ডালের বদলে পানি দেওয়া হয়। ডাইনিংয়ের পরিবেশও নোংরা। শিক্ষকরা যারা দায়িত্বে আছেন, তারা যদি হলের খাবার খেতেন, তাহলে বুঝতেন শিক্ষার্থীরা আসলে কী খায়।’

অগ্নিবীণা হলের নাম প্রকাশে অনিচ্ছুক আরেক শিক্ষার্থী বলেন, ‘হলের খাবারে প্রয়োজনীয় প্রোটিন তো নেই। তার জোগান বাদ দিয়ে খাবারের মধ্যে এক্সট্রা প্রোটিন হিসেবে টিকটিকি, তেলাপোকা অ্যাড করা হচ্ছে।’