শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষার্থীদের প্রচলিত পাঠ্যক্রমের পাশাপাশি তথ্যপ্রযুক্তি, আধুনিক পেশাগত দক্ষতা ও উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে শিক্ষাজীবন সমাপ্ত করার পূর্বেই কর্মসংস্থান বা আত্মকর্মসংস্থানের উপযোগী করে গড়ে তুলতে সরকার বহুমুখী পদক্ষেপ নিয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শেষ দিনের বৈঠকে লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী।
মন্ত্রী জানিয়েছেন, কর্মসংস্থান বা আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সরকার দেশব্যাপী কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসাগুলোতে আধুনিক ল্যাব-ওয়ার্কশপ, কম্পিউটার ও আইসিটি সুবিধা এবং দক্ষ জনবল নিশ্চিতকরণে জন্য একাধিক সমন্বিত স্কিম গ্রহণ করেছে। প্রস্তাবিত “BRIDG for TVET” স্কিমের আওতায় জাতীয় TVET Learning Management System, ডিজিটাল কনটেন্ট হাব, শিক্ষকদের জন্য ট্যাব সরবরাহ, মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ, Wi-Fi ও সোলার প্যানেলভিত্তিক নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থা স্থাপন করা হবে। যার মেয়াদ: জুলাই ২০২৬-জুন ২০২৯ এবং প্রাক্কলিত ব্যয় ৯০০.৮৪ কোটি টাকা।
শিক্ষামন্ত্রী আরো জানান, ‘SKILLS for TVET’ স্কিমের মাধ্যমে শিল্পের চাহিদাভিত্তিক স্বল্পমেয়াদি প্রশিক্ষণ, ইন্ডাস্ট্রি-বেজড ট্রনিং, Recognition of Prior learning (RPL) সনদায়ন ও তৃতীয় ভাষা প্রশিক্ষণ চালু হবে (প্রাক্কলিত ব্যয় ৩ হাজার ৫৬.০০ কোটি টাকা)। মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা ৬০ প্রতিষ্ঠানগুলোতে আইসিটি, বিজ্ঞান ও কারিগরি ল্যাব/ওয়ার্কশপ স্থাপন এবং অবকাঠামো আধুনিকায়নের জন্য ‘NextGen Education Project (NEP) for Madrasah & Technical Education’ প্রকল্প গ্রহণ করা হচ্ছে (মেয়াদ: জানুয়ারি ২০২৬-ডিসেম্বর ২০৩০, প্রাক্কলিত ব্যয় ২ হাজার ৩৮৯.৯৯ কোটি টাকা, যার মধ্যে জিওবি ১ হাজার ২৫২.৫৯ কোটি ও এডিবি ঋণ ১ হাজার ১৩৭.৪০ কোটি টাকা)। এছাড়া দেশব্যাপী প্রয়োজনীয় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘Skill UP Bangladesh’ প্রকল্পের আওতায় বছরে অন্তত ১০ লাখ কর্মপত্যাশীকে কর্মমুখী প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা সরকারের রয়েছে।




