জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় সমাবর্তনের নিবন্ধন ফি পুনর্নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, স্নাতক (সম্মান), বিবিএ ও সমমানের ডিগ্রিধারীদের মোট ফি ৫ হাজার ৫০০ টাকা থেকে কমিয়ে ৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি প্রথম সমাবর্তনে অংশগ্রহণ করতে না পারা শিক্ষার্থীদেরও দ্বিতীয় সমাবর্তনে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
বুধবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
পুনর্নির্ধারিত বিজ্ঞপ্তি অনুযায়ী, স্নাতক (সম্মান), বিবিএ ও সমমানের ডিগ্রির নিবন্ধন ফি ৩ হাজার ৫০০ টাকা এবং মূল সনদ ফি ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে মোট ফি দাঁড়িয়েছে ৪ হাজার টাকা, যা আগের নির্ধারিত ৫ হাজার ৫০০ টাকার তুলনায় ১ হাজার ৫০০ টাকা কম।
স্নাতকোত্তর, এমবিএ ও সমমানের ডিগ্রির ক্ষেত্রে নিবন্ধন ফি ৪ হাজার টাকা এবং মূল সনদ ফি ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রে মোট ফি ৪ হাজার ৫০০ টাকা, যা আগের ৬ হাজার ৫০০ টাকার তুলনায় ২ হাজার টাকা কমানো হয়েছে।
অন্যদিকে, এমফিল ও পিএইচডি ডিগ্রির নিবন্ধন ফি ৬ হাজার ৫০০ টাকা এবং মূল সনদ ফি ১ হাজার টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। ফলে এ ক্ষেত্রে মোট ফি থাকছে ৭ হাজার ৫০০ টাকা।
এ ছাড়া স্নাতকোত্তর (প্রফেশনাল) ডিগ্রির নিবন্ধন ফি ৮ হাজার টাকা এবং মূল সনদ ফি ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে মোট ফি দাঁড়িয়েছে ৮ হাজার ৮০০ টাকা, যা আগের নির্ধারিত ফির সমান। তবে ক্ষেত্রবিশেষে এর সঙ্গে অতিরিক্ত সার্ভিস চার্জ যুক্ত হবে।
এদিকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে অংশগ্রহণ করতে না পারা শিক্ষার্থীদের জন্যও দ্বিতীয় সমাবর্তনে অংশ নেওয়ার সুযোগ রাখা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট শিক্ষার্থীদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে দ্বিতীয় সমাবর্তনে অংশগ্রহণের বিষয়টি বিবেচনা করা যেতে পারে।





