ঢাকা | বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,২৬ ভাদ্র ১৪৩৩

জবিতে চালু হলো ‘জেএনইউ ফ্রি টিউশন মিডিয়া’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাধারণ শিক্ষার্থীদের টিউশন-সংকট নিরসন ও দালালমুক্ত টিউশন ব্যবস্থা গড়ে তুলতে চালু হয়েছে ‘জেএনইউ ফ্রি টিউশন মিডিয়া’। এই উদ্যোগ নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য তামাসুল ইসলাম।

গতকাল বুধবার (৯সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনে এর মোড়ক উন্মোচন করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন।

আবাসিক হল না থাকায় জবির সাধারণ শিক্ষার্থীদের একটি বড় অংশ টিউশনের ওপর নির্ভরশীল। তবে টিউশন-বাণিজ্যে দালালচক্রের দৌরাত্ম্যে ন্যায্য পারিশ্রমিক থেকে বঞ্চিত হচ্ছেন অনেকে।

এ প্রসঙ্গে তামাসুল ইসলাম বলেন, ‘‘জবির সাধারণ শিক্ষার্থীরা সবচেয়ে অবহেলিত। তাদের হল নেই, খাবারের সংকট, জায়গার সংকট। তার ওপর একটি চক্র শিক্ষার্থীদের একমাত্র অবলম্বন টিউশন নিয়ে বাণিজ্য শুরু করেছে। আমি সবাইকে সঙ্গে নিয়ে সেই দালালদের রুখে দিতে চাই।’’

তিনি আরও বলেন, ‘‘আমি চাই, আমার পক্ষ থেকে প্রত্যেক শিক্ষার্থী অন্তত একটি হলেও উপকার পাক। ক্যাম্পাসের সব শিক্ষার্থী নিজেদের ভাই-বোনের সমস্যা সমাধানে এগিয়ে আসুক এবং সবার মধ্যে ঐক্য গড়ে উঠুক এই আশা থেকেই ‘জেএনইউ ফ্রি টিউশন মিডিয়া’র যাত্রা।’’