শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক বলেছেন, অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এক হাজার ৬০০ কোটি টাকা বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। চলতি কিংবা আগামী মাসে এই টাকা বিতরণ করা হবে।
সোমবার (৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। শিক্ষা মন্ত্রণালয় ও বিভাগের বিভিন্ন আয়োজন নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
আরো উপস্থিত ছিলেন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
আব্দুল খালেক বলেন, দীর্ঘদিন ধরে অনেক শিক্ষক তাদের প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। অর্থসংকটের কারণে বিষয়টি সমাধান করা সম্ভব হয়নি। তবে শিক্ষামন্ত্রীর উদ্যোগে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। এর ফলে চলতি মাস অথবা আগামী মাসে প্রায় ১ হাজার ৬০০ কোটি টাকা অবসরপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে বিতরণ করা সম্ভব হবে। এটি শিক্ষা প্রশাসনের একটি বড় অর্জন।





