ঢাকা | মঙ্গলবার, ৯ জুন ২০২৬,২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

মোসাদ্দেককে সঠিক সময়ে নেওয়া হয়েছে: মিরাজ

প্রায় ৪ বছর পর বাংলাদেশ দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। ২০২২ সালের আগস্টে দেশের হয়ে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন তিনি। লম্বা সময় জাতীয় দলের বাইরে থেকে ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রস্তুত করেছেন। চলতি ডিপিএলে ভালো পারফর্ম করে ডাক পেয়েছেন দলে। সৈকতের দলে আসাকে বাড়তি পাওয়া হিসেবে দেখছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তার মতে, সঠিক সময়ে মোসাদ্দেক দলে ফিরেছেন।

১৫ বছর পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগামীকাল (৯ জুন) সিরিজের প্রথম ওয়ানডে। তার আগে আজ সংবাদ সম্মেলনে আসেন মিরাজ। জানান, মোসাদ্দেকের কাছে ভালো কিছুর প্রত্যাশা তার। মিরাজ বলেন, ‘ও (মোসাদ্দেক) ঘরোয়াতে অনেক বছর ধরে পারফর্ম করেছে এবং খুব ভালো ক্রিকেটও খেলছে, ছন্দেও আছে। আমার কাছে মনে হয় এটাই সঠিক সময় ওকে নেওয়ার এবং আমাদের যে জায়গাটা আমরা চিন্তা করেছি, সেই জায়গাটা যদি ও ভালো করতে পারে দলের জন্য অনেক ভালো হবে।’

বাংলাদেশ জাতীয় দলের সাবেক নির্বাচক গাজী আশরাফ লিপু বলেছিলেন, মিরাজ দলে থাকলে মোসাদ্দেককে নেওয়ার সুযোগ নেই। তার মতে, দুজনের ভূমিকা একইরকম, সে কারণে যেকোনো একজনকেই নিতে হয় তাদের। তবে মিরাজ জানালেন এমনটা একদমই মনে করেন না তিনি। তার মতে, দুজনের ভূমিকা পুরোপুরি ভিন্ন। মোসাদ্দেককে ব্যাটিং অলরাউন্ডার এবং নিজেকে বোলিং অলরাউন্ডার বলে আখ্যা দিয়েছেন মিরাজ।

মিরাজ বলেন, ‘আমি এবং মোসাদ্দেক কিন্তু একসঙ্গে বাংলাদেশ দলে অনেকদিন খেলেছি এবং ১৯ সালের বিশ্বকাপেও আমরা খেলেছি একসঙ্গে। মোসাদ্দেক তার ভূমিকাটা রাখবে, আমি আমারটা। মোসাদ্দেক হলো ব্যাটিং অলরাউন্ডার, আমি হলাম বোলিং অলরাউন্ডার, তাই দুজনের ভূমিকাটা আলাদা। ও যদি পারফর্ম করতে পারে, এটা আমার জন্য এবং দলের জন্য অনেক বিরাট উপকার হবে। দিনশেষে আমরা সবাই চিন্তা করি যে দলটাকে কোন জায়গায় নিয়ে যাওয়া যায়। আমি অনেক আত্মবিশ্বাসী ওকে নিয়ে….যেভাবে ও ঘরোয়াতে ভালো পারফর্ম করেছে। যদি সুযোগ আসে, ভালো করবে।’

মোসাদ্দেকের বোলিংটাকে বাড়তি সুবিধা হিসেবে দেখছেন মিরাজ, ‘আমাদের এরকম একটা যদি বিকল্প থাকে দলের জন্য ভালো হবে। পাঁচটা বোলার নিয়ে যখন খেলবেন, একটা বাড়তি বোলার থাকবে, তখন অনেক আত্মবিশ্বাস থাকবে। একটা বোলারের খারাপ দিন যেতেই পারে। সুতরাং ব্যাকআপ হিসেবে বোলার থাকলে দলের ভারসাম্যটা খুব ভালো থাকে। আর সুযোগ থাকলে অবশ্যই ভালো করার চান্স থাকবে। সে ঘরোয়াতে অনেক ভালো বোলিং করেছে এবং সে প্রমাণিত। সে ভালো জায়গায় বল করলে ভালো হবে এবং অধিনায়ক হিসেবে আমারও অনেক আত্মবিশ্বাস থাকবে তাকে নিয়ে, যদি ভালো বল করে।’