গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে ঢাকা-পিরোজপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন টুঙ্গিপাড়া সরকারি কলেজের শিক্ষার্থীরা। এ ঘটনায় প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আজ সোমবার সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা প্রথমে টুঙ্গিপাড়া সরকারি কলেজের সামনে আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন। পরে তাঁরা পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
শিক্ষার্থীদের অভিযোগ, কয়েক বছর ধরে টুঙ্গিপাড়া সরকারি কলেজের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষার কেন্দ্র হিসেবে বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজ (সাবেক খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজ) নির্ধারণ করা হচ্ছে। তবে ওই কেন্দ্রে কিছু শিক্ষকের অসৌজন্যমূলক আচরণের শিকার হতে হয় বলে তাঁরা দাবি করেন। পাশাপাশি কলেজ থেকে কেন্দ্রের দূরত্বও বেশি হওয়ায় শিক্ষার্থীরা সেখানে পরীক্ষা দিতে অনাগ্রহী। তাঁদের দাবি, আগের মতো জিটি সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা নেওয়া হোক অথবা সরকারি কোনো শিক্ষাপ্রতিষ্ঠানকে কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হোক।
আন্দোলনরত শিক্ষার্থীদের কয়েকজন জানান, সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য সরকারি কোনো স্কুল বা কলেজকে পরীক্ষাকেন্দ্র হিসেবে নির্ধারণ করা উচিত। তাঁরা কোনো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা দিতে চান না।
খবর পেয়ে টুঙ্গিপাড়ার সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হাওলাদার ও টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী ঘটনাস্থলে যান। তাঁরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাঁদের অভিযোগ শোনেন। আল-আমিন হাওলাদার বলেন, কেন্দ্র পরিবর্তনের বিষয়টি তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেওয়ার মতো নয়। এটি একটি জটিল প্রশাসনিক বিষয়। শিক্ষার্থীদের অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কেন্দ্র পরিবর্তনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
ওসি আইয়ুব আলী বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে কলেজে ফিরে গেছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ টহল জোরদার করা হয়েছে। প্রশাসনের আশ্বাসের পর দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।




