শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি যথাযথভাবে পালন করার জন্য আর্দশ চারার তথ্য জানানো হয়েছে। এই সব বৈশিষ্ট্য সম্বলিত চারা রোপণের জন্য দেয়া হয়েছে বিশেষ নির্দেশনাও।
রোববার (৭ জুন) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিটি সব পরিচালক, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের পাশাপাশি সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে। এরসঙ্গে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের চিঠি সংযুক্ত করে দেয়া হয়েছে।
এতে জানা যায়, আদর্শ (বনজ/ভেষজ) বৃক্ষের চারার বৈশিষ্ট্য: উৎস- উন্নত মাতৃগাছের বীজ থেকে উৎপাদিত; স্বাস্থ্য ও গুণগতমান- রোগ ও পোকা-মাকড় মুক্ত সুস্থ্য, সবল ও সতেজ; গঠন ও ভারসাম্য- চারার কান্ড ও আগা সোজা ও সরু, কান্ডের গোড়ায় বেড় ১২-১৬ মিলিমিটার; শিকড় ও কান্ডের অনুপাত ভারসাম্যপূর্ণ (সাধারণত ১:২) হবে; উচ্চতা- প্রজাতিভেদে চারার উচ্চতা ২ থেকে ৩ ফুট (বন বহির্ভূত ক্ষেত্রে ৩-৫ ফুট); বয়স- ৬ থেকে ১২ মাস; সহনশীলতা- হার্ডেনিং করা চারা।
আদর্শ নারিকেল চারার বৈশিষ্ট্য: পরিপক্ক এবং মসৃন বড় বীজ নারিকেল থেকে উৎপাদিত, চারায় কমপক্ষে ছয়টি সুস্থ্য পাতা থাকবে, পাতা দাগমুক্ত, সবুজ ও সতেজ থাকবে, সতেজ শিকড় থাকবে, গাছের বয়স ১২ থেকে ১৮ মাস বয়সী হতে হবে।








