ঢাকা | সোমবার, ৮ জুন ২০২৬,২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে পুলিশের ধাওয়া, আটক ৪৫ জন

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। মিছিল চলাকালে তাঁদের ধাওয়া করে পুলিশ। ঘটনাস্থল থেকে অন্তত ৪৫ আটক করা হয়েছে।

আজ রোববার বেলা দেড়টার দিকে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে মাটিয়ারা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের ব্যানারে ওই ঝটিকা মিছিল বের করা হয়। এতে নেতৃত্ব দেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইস্রাফিল পিয়াস। মিছিলটিতে কয়েক শ নেতা-কর্মী অংশ নেন। এ সময় তাঁরা ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনা, শেখ হাসিনা’ প্রভৃতি স্লোগান দেন। মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে মিছিল শুরু হওয়ার কয়েক মিনিট পরই সেখানে পৌঁছে তাঁদের ধাওয়া করে পুলিশ। এ সময় অন্তত ৪৫ জন নেতা-কর্মীকে আটক করা হয়।

পুলিশের সঙ্গে স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীদেরও দেখা গেছে। ঘটনার সময় মহাসড়কের ওপর থেকে আটক করা হয় তিনটি মাইক্রোবাস ও দুটি বাস। এসব বাস ও মাইক্রোবাসে করে ছাত্রলীগ নেতা-কর্মীদের জেলার বিভিন্ন স্থান থেকে আনা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, মহাসড়কে মিছিল করে জননিরাপত্তা বিঘ্ন এবং জনমনে আতঙ্ক সৃষ্টির ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৪৫ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এরপর তাঁদের গ্রেপ্তার দেখিয়ে কুমিল্লার আদালতে পাঠানো হবে। এ ছাড়া দলীয় পরিচয় নিশ্চিত হওয়াসহ আটককৃতদের বিষয়ে বিস্তারিত তথ্য যাচাই করা হচ্ছে।