রাজধানীর মতিঝিলে জনতা ব্যাংকের করপোরেট শাখার সামনে প্রকাশ্যে লোকমান হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার (৭ জুন) বিকেল সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর গুলিবিদ্ধ অবস্থায় ওই ব্যবসায়ীকে মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বিল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেল আনুমানিক সোয়া ৩টার দিকে অজ্ঞাতনামা ৬ জন দুর্বৃত্ত তিনটি মোটরসাইকেলে করে জনতা ব্যাংকের মতিঝিলের করপোরেট শাখার সামনে আসে। এর পরপর তারা লোকমান নামের ওই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি করে এবং তার কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় লোকমানের হাতে ও পায়ে দু’টি গুলি লেগেছে।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছি ছিনতাইকৃত ব্যাগটিতে আনুমানিক ১৭ হাজার রিয়াল ছিল। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫ লাখ টাকা। ইতোমধ্যে ঘটনাস্থল থেকে আইনশৃঙ্খলা বাহিনী গুলির দু’টি খোসা উদ্ধার করেছে। সেই সঙ্গে আহত লোকমানকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।





