ঢাকা | মঙ্গলবার, ১৯ মে ২০২৬,৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

জমি নিয়ে বিরোধে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম

ঝালকাঠিতে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ একই পরিবারের চারজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ মে) সকালে ঝালকাঠি সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের ওস্তাখান গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, সুভাষ হাওলাদার, সৌরভ হাওলাদার, সুজন হাওলাদার ও বিউটি রানী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রতিবেশী কানাই লাল হাওলাদার ও তার পরিবারের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে মঙ্গলবার সকালে কানাই লাল, তার ছেলে কমল ও কিশোর এবং স্থানীয় মৃণালসহ কয়েকজন সুভাষ হাওলাদারের ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়।

সুভাষ হাওলাদারের মেয়েজামাই অসীম হালদার বলেন, “আমার শ্বশুরের জায়গা জোরপূর্বক দখল করে ভোগ করে আসছিল কানাই লালের পরিবার। এ বিরোধের জেরে তারা ঘরে ঢুকে অতর্কিত হামলা চালিয়ে চারজনকে কুপিয়ে জখম করে।”

অপরদিকে, পুলিশ হেফাজতে থাকা সাধনা হালদার দাবি করেন, এ ঘটনায় তার স্বামী কানাই লালও আহত হয়েছেন এবং তাকেও বরিশালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঝালকাঠি সদর থানার ওসি (তদন্ত) মেহেদী হাসান জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত কানাই লালের স্ত্রী সাধনা হালদারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে।