প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়েছে- সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবিকে গুজব ও ভিত্তিহীন বলে শনাক্ত করেছে ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান ফ্যাক্টওয়াচ।
ফ্যাক্টওয়াচ জানায়, সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলে এ নিয়ে ফেসবুকে একটি তথ্য ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয়, ঢাবি থেকে তাকে ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়েছে। তবে অনুসন্ধানে এ দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি।
প্রতিষ্ঠানটি জানায়, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা রফিকুল ইসলাম ফ্যাক্টওয়াচকে নিশ্চিত করেছেন যে, এ দাবি সম্পূর্ণ ভুয়া।
দাবিটির সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধান চালানো হলেও দেশের কোনো সংবাদমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ডক্টরেট ডিগ্রি দেওয়ার তথ্য পাওয়া যায়নি।
ফ্যাক্টওয়াচ জানায়, গত মঙ্গলবার (১২ মে) ‘বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক একটি কর্মশালার উদ্বোধন করতে ঢাবিতে যান প্রধানমন্ত্রী। বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ওই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য উল্লেখ থাকলেও কোথাও তাকে ডক্টরেট ডিগ্রি দেওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।
পরে দাবিটির বিষয়ে অধিকতর যাচাই করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করে ফ্যাক্টওয়াচ। তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাউকে ডক্টরেট ডিগ্রি দিতে হলে বিশেষ সমাবর্তনের মাধ্যমে দিতে হয়। সমাবর্তন ছাড়া এটি দেওয়া সম্ভব নয়। এ জন্য একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদনও প্রয়োজন। এটি পুরোপুরি ভুয়া খবর।’
এ কারণে প্রধানমন্ত্রীকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি দেওয়ার দাবিটিকে মিথ্যা হিসেবে চিহ্নিত করেছে ফ্যাক্টওয়াচ।
ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থানের পর দেশ-বিদেশের বিভিন্ন গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ও কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। বিশেষ করে সরকার গঠনের পর বিএনপিকে লক্ষ্য করে এসব অপতথ্য ছড়ানো হচ্ছে।
দেশে গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে ফ্যাক্টওয়াচ কাজ করছে। প্রতিষ্ঠানটি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিক্যাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ (সিকিউএস) পরিচালিত একটি স্বাধীন ফ্যাক্ট-চেকিং সংস্থা।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ভিডিও, বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়িয়ে পড়ার ঘটনা বেড়েছে। ফ্যাক্টওয়াচ নিয়মিত এসব তথ্য যাচাই করে সত্য তুলে ধরছে এবং গুজব প্রতিরোধে কাজ করছে।
সূত্র: বাসস








