শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফল প্রকাশের সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী এক প্রশ্নের জবাবে আরো বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে এই বিষয়ে বলা হবে। যাতে শিক্ষার্থীদের সময় নষ্ট না হয়। এজন্যই এ পরিকল্পনা রয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৭ খ্রিষ্টাব্দের এসএসসি ও সমমান পরীক্ষা আগামী বছরের ৭ জানুয়ারি শুরু হচ্ছে। সে অনুযায়ী রুটিন প্রস্তাব করা হয়েছে। পরীক্ষা উপলক্ষে কর্মপরিকল্পনাও নেয়া হচ্ছে। আর একই বছরের উচ্চ এইচএসসি পরীক্ষা ৬ জুন অনুষ্ঠিত হবে।
একইসঙ্গে রুটিনও প্রকাশ করা হয়েছে। এ অনুযায়ী পরীক্ষা শুরু হবে আগামী বছরের ৭ জানুয়ারি। আর ২০২৭ খ্রিষ্টাব্দের ৬ ফেব্রুয়ারি এ পরীক্ষা শেষ হওয়ার পরিকল্পনা নেয়া হয়। প্রস্তাবিত রুটিন অনুযায়ী ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে ১১ ফেব্রুয়ারির মধ্যে। একইসঙ্গে এইচএসসি ২০২৭ এর কর্ম পরিকল্পনা প্রস্তাব করা হয়। এ অনুযায়ী পরীক্ষা শুরু হবে আগামী বছরের ৬ জুন। শেষ হবে ১৩ জুলাই। ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে ১৩ জুলাইয়ের মধ্যে।




