ঢাকা | মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬,১৫ বৈশাখ ১৪৩৩

এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক, যুবকের কারাদণ্ড

বরিশালের উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে মো. তাফসির ইসলাম (১৯) নামে এক যুবককে আটক করা হয়েছে। তৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

মঙ্গলবার (২৮ এপ্রিল) উজিরপুর উপজেলার ধামুড়া মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্ত তাফসির ইসলাম উপজেলার হস্তিশুন্ডু বামরাইল এলাকার লিয়াকত সিকদারের ছেলে।

জানা যায়, মঙ্গলবার উজিরপুর ধামুড়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষায় তিনি অন্য পরীক্ষার্থীর হয়ে (প্রক্সি) অংশ নিতে গেলে কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে যাচাই-বাছাই শেষে তার পরিচয় নিশ্চিত হওয়া গেলে তাকে আটক করা হয়।

তৎক্ষণিকভাবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ১০০ টাকা জরিমানা করেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল বলেন, ‘পাবলিক পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এ ধরনের অনিয়ম ও জালিয়াতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’

প্রশাসন জানিয়েছে, পাবলিক পরীক্ষায় অনিয়ম ও নকল প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।