ঢাকা | মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬,১৫ বৈশাখ ১৪৩৩

মন্ত্রণালয়ে এমপিও শিক্ষকদের এপ্রিলের বেতনের প্রস্তাব

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার এ প্রস্তাব পাঠানো হয়। অন্যান্য কার্যক্রম শেষ করে শিগগিরই বেতন-ভাতা ছাড় করা হবে।

মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, মোট ৩ লাখ ৮৭ হাজার ৪১৫ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। এর মধ্যে স্কুলের ৩ লাখ ৭৩৬ জন ও কলেজের ৮৭ হাজার ৮৯ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

এর আগে গত ২২ এপ্রিল এমপিরওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের এমপিওর টাকা ইএফটিতে পাঠানোর জন্য প্রতিষ্ঠান প্রধানকে বিল সাবমিটের নির্দেশ দেয়া হয়। ২৪ এপ্রিলের মধ্যে এ বিল সাবমিট করতে বলা হয়। সে অনুযায়ী শিক্ষক-কর্মচারীরা বিল সাবমিট করে।

বিল সাবমিট সংক্রান্ত চিঠিতে বলা, শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এমপিওর অর্থ ইএফটিতে পাঠানোর ক্ষেত্রে আগস্ট-২০২৫ মাস থেকে প্রতিষ্ঠান প্রধানরা বিল সাবমিট করার ব্যবস্থা অনলাইনে যুক্ত করা হয়েছে। প্রতিষ্ঠান প্রধান তার প্রতিষ্ঠানের এমপিও সংক্রান্ত কাজের জন্য ব্যবহৃত আইডি এবং পাসওয়ার্ডয়ের মাধ্যমে এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সিস্টেমের এমপিও-ইএফটি মডিউলে লগইন করে প্রত্যেক এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর জন্য আলাদা আলাদাভাবে বিধিমোতাবেক প্রাপ্য এমপিও’র টাকা সঠিকভাবে নির্ধারণ করে বিল সাবমিট করেন। প্রতিষ্ঠান প্রধানের দাখিলকৃত তথ্য অনুসারে এমপিও’র অর্থ ইএফটিতে শিক্ষক-কর্মচারীদের স্ব-স্ব ব্যাংক হিসাব নম্বরে পাঠানো হয়।