ঢাকা | মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬,১৫ বৈশাখ ১৪৩৩

জাবিপ্রবিতে উপাচার্যের একান্ত সচিবকে ‘লাঞ্ছনা’, থানায় জিডি৷

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) উপাচার্যের একান্ত সচিবকে লাঞ্ছনার অভিযোগে এক শিক্ষকের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষক সহকারী অধ্যাপক ড. সৈয়দ নাজমুল হুদা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় ড. নাজমুল হুদা ও উপাচার্যের একান্ত সচিব মাহবুব আলমকে উত্তেজিত অবস্থায় দেখা যায়। এক পর্যায়ে শিক্ষকটি ভুক্তভোগীর কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নিয়ে তা ছাত্রদলের আহ্বায়কের হাতে দেন এবং ফোনটি পরীক্ষা করার নির্দেশ দেন। তবে ছাত্রদলের ওই আহ্বায়ক ফোনটি পরীক্ষা না করে পুনরায় মাহবুব আলমের কাছে ফিরিয়ে দেন।

এ ঘটনায় মাহবুব আলম থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বলে জানা গেছে। তিনি বলেন, “বিষয়টি প্রশাসনকে জানিয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা প্রশাসনই নেবে।”

ঘটনার পরদিন থেকে অভিযুক্ত শিক্ষক ক্যাম্পাসে অনুপস্থিত রয়েছেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও রেজিস্ট্রার কোনো ছুটির আবেদন সম্পর্কে অবগত নন বলে জানা গেছে।

অভিযোগের বিষয়ে ড. সৈয়দ নাজমুল হুদা বলেন, “সে মোবাইল থেকে রেকর্ডিং শুরু করেছিল। তখন আমি মোবাইলটি নিয়ে শাকিলকে বলি চেক করতে। সেখানে আরও কয়েকজন উপস্থিত ছিলেন।” ক্যাম্পাসে অনুপস্থিতির বিষয়ে তিনি জানান, এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন অবগত রয়েছে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, “তিনি ছুটির জন্য কোনো আবেদন করেননি। আমি তাকে আবেদন করতে বলেছি।”

সিন্ডিকেট সদস্য ও গণিত বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মদ শাহজালাল বলেন, “ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম। বিষয়টি মিটমাট করা হয়েছে, তবে আমি কোনো মারধরের ঘটনা দেখিনি।”

ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে।