ঢাকা | শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬,১১ বৈশাখ ১৪৩৩

সন্ত্রাস দমন আইনে মামলার আসামি, দাখির পরীক্ষায় অংশ নিতে পারছেন না নাদিম

কুমিল্লার নাঙ্গলকোটে সন্ত্রাস দমন আইনে দায়ের করা একটি মামলায় কামরুজ্জামান নাদিম (১৬) নামে এক মাদরাসা শিক্ষার্থীকে আসামি করা হয়েছে। আত্মগোপনে থাকায় চলমান দাখিল পরীক্ষায় অংশ নিতে পারছে না নাদিম।

নাদিম নাঙ্গলকোট আফসারুল উলূম কামিল মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী। সে নাঙ্গলকোট পৌরসভার গোত্রশাল তুলা পুকুরিয়া হাজী বাড়ির বাসিন্দা হাজী আব্দুর রশিদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, অন্তর্বর্তীকালীন সরকারের সময় সন্ত্রাস দমন আইনে দায়ের করা একটি মামলার ২৪ নম্বর আসামি করা হয় নাদিমকে। টেস্ট পরীক্ষার আগের দিন রাতে পুলিশ তাকে গ্রেফতারের উদ্দেশে বাড়িতে গেলে টের পেয়ে পালিয়ে যায় নাদিম। এরপর থেকেই আত্মগোপনে নাদিম। ফলে চলমান দাখিল পরীক্ষায় অংশ নেওয়া সম্ভব হয়নি তার।

নাদিমের মা ফাতেমা বেগম বিউটি অভিযোগ করেন, হয়রানির উদ্দেশে ছাত্রলীগ ট্যাগ দিয়ে তার ছেলেকে মামলার আসামি করা হয়েছে। এতে পরীক্ষায় অংশ নিতে না পারায় তার ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। তিনি দ্রুত মামলা প্রত্যাহারের দাবি জানান।

মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন বলেন, নাদিম সন্ত্রাস দমন মামলার আসামি বিষয়টি আমার জনা নেই। তবে সে মাদরাসার শিক্ষার্থী এবং এ বছরের দাখিল পরিক্ষার্থী। নাদিমের মামলা প্রত্যাহারে কোনো সহযোগিতার প্রয়োজন হলে মাদ্রাসা কতৃপক্ষ থেকে সহযোগিতা করবে।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার ওসি আরিফুর রহমান বলেন, বিষয়টি তার স্মরণে নেই। তবে সংশ্লিষ্ট ব্যক্তি পরীক্ষার্থী হলে আদালতের অনুমতি সাপেক্ষে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ রয়েছে।