ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের ওপর ছাত্রদলের নেতাকর্মীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)। একই সঙ্গে হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।
গণমাধ্যম সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর শাহবাগ থানার সামনে এবং থানার ভেতরে পেশাগত দায়িত্ব পালনরত ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের ওপর ছাত্রদল হামলা চালায়। এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মানজুর হোসেন মাহি, সাধারণ সম্পাদক লিটন ইসলাম, ঢাকা ট্রিবিউনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শামসুদ্দোজা নাবাব, ঢাকা মেইলের মোহাম্মদ ইফতেখার হোসেন সিফাত, নয়া দিগন্তের হারুন ইসলাম, মানবজমিনের আসাদুজ্জামান খান, ডেইলি অবজারভারের নাইমুর রহমান ইমনসহ অন্তত ১০ জন সাংবাদিক আহত হন।
শুক্রবার (২৪ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে কুবিসাসের সভাপতি আবু শামা ও সাধারণ সম্পাদক চৌধুরী মাছাবিহ এ হামলার নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন গণমাধ্যম চর্চা ও মতপ্রকাশের অধিকারের ওপর সরাসরি আঘাত। সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিকদের বাধা দেওয়া, ভয়ভীতি প্রদর্শন, গালিগালাজ এবং শারীরিকভাবে লাঞ্ছিত করা সম্পূর্ণ অগ্রহণযোগ্য ও নিন্দনীয়।
তারা বলেন, সাংবাদিকরা রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ অংশ। সত্য তথ্য জনগণের সামনে তুলে ধরা তাদের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ব পালন করতে গিয়ে যদি সাংবাদিকরা হামলা, নির্যাতন ও নিরাপত্তাহীনতার শিকার হন, তবে তা শুধু গণমাধ্যমের জন্য নয়, সমগ্র গণতান্ত্রিক ব্যবস্থার জন্য হুমকিস্বরূপ।
নেতৃবৃন্দ আরও বলেন, হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে শনাক্ত করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আহত সাংবাদিকদের সুচিকিৎসা, ক্ষতিপূরণ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানানো হচ্ছে।
বিবৃতিতে কুবিসাস নেতারা ভবিষ্যতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান, আদালত, রাজনৈতিক কর্মসূচি ও জনসমাগমস্থলে দায়িত্ব পালনরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জানান।





