ইমস হায়ার এডুকেশন (THE) কর্তৃক প্রকাশিত এশিয়া বিশ্ববিদ্যালয় র্যাংকিং ২০২৬-এ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ৬০১-৮০০ ব্যান্ডে স্থান পেয়েছে। একই সঙ্গে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১৭তম, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১২তম এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৩য় স্থান অর্জন করেছে নোবিপ্রবি। এই অর্জন বিশ্ববিদ্যালয়ের জন্য একটি গৌরবময় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল শুক্রবার (২৪ এপ্রিল) এক বিবৃতিতে এ অর্জনের জন্য নোবিপ্রবির শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের এই ইতিবাচক অর্জন ও অগ্রগতি যেন দীর্ঘমেয়াদে টেকসই প্রভাব ফেলে, সে লক্ষ্যে দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে কাজ অব্যাহত থাকবে।’
তিনি আরো উল্লেখ করেন, ২০২৫ খ্রিষ্টাব্দে নোবিপ্রবি থেকে স্কুপাস-ইনডেক্সে ৫৪৯টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। যা এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে সর্বোচ্চ এবং দেশের অন্যান্য বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর তুলনায় সেরা অর্জন।
বিবৃতিতে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল আরো জানান, নোবিপ্রবিকে এগিয়ে নিতে বিশ্বমানের শিক্ষক ও গবেষকদের আকৃষ্ট করতে কৌশলগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
পাশাপাশি প্রযুক্তি হস্তান্তরের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে নিকট ভবিষ্যতে নোবিপ্রবির অধীনে পেটেন্ট অর্জনের লক্ষ্যেও কাজ চলমান।






