ঢাকা | শনিবার, ১৮ এপ্রিল ২০২৬,৫ বৈশাখ ১৪৩৩

চাঁদা তোলা বন্ধ- ইজারা মওকুফ করায় সাংসদকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদর বাজার ও পৌর টেম্পু স্ট্যান্ডসহ সিএনজি-অটোরিকশা স্ট্যান্ডের ইজারা মওকুফের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আনন্দ র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মান্নান-এর এই জনবান্ধব উদ্যোগে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে বুধবার (১৫ এপ্রিল) এ কর্মসূচির আয়োজন করে নবীনগর উপজেলা শ্রমিক দল।

‎দুপুরে নবীনগর প্রেস ক্লাব-এর সামনে থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারী শ্রমিক নেতা-কর্মীরা এমপির প্রতি সমর্থন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং সিদ্ধান্তটির প্রতি সন্তোষ প্রকাশ করেন।

‎র‍্যালি শেষে আয়োজিত পথসভায় বক্তারা বলেন, বাজার ও স্ট্যান্ডের ইজারা মওকুফের ফলে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পেলেন সাধারণ শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। এতে তাদের আর্থিক চাপ কমবে এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক গতি ফিরবে। তারা এই সিদ্ধান্তকে সময়োপযোগী ও জনকল্যাণমূলক হিসেবে উল্লেখ করেন।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবীনগর উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক জাবেদুল ইসলাম জাবেদ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মো. শাহ আলম বেপারী। বক্তারা ভবিষ্যতেও এমন গণমুখী উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

‎স্থানীয়দের মতে, এই সিদ্ধান্ত নবীনগরের শ্রমজীবী মানুষের জীবনে স্বস্তি এনে দিয়েছে এবং এলাকাজুড়ে ইতিবাচক সাড়া ফেলেছে।