ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজকে পাবলিক বিশ্ববিদ্যালয় করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ (সোমবার, ৬ এপ্রিল) ময়মনসিংহ শিক্ষাবোর্ড এবং ময়মনসিংহ অঞ্চলের মাদ্রাসা শিক্ষাবোর্ড ও কারিগরি শিক্ষাবোর্ডের কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। এর আগে সকাল পৌনে ১১টা থেকে নগরের টাউন হলের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এই সভা শুরু হয়।
সভায় শিক্ষামন্ত্রী বক্তব্য শুরুর সময় গণমাধ্যমকর্মীদের সঙ্গে শিক্ষকরা অসৌজন্যমূলক আচরণ করলে মন্ত্রীর অনুষ্ঠান বয়কট করে গণমাধ্যমকর্মীরা চলে যান। পরে বিকেল ৪টার দিকে ময়মনসিংহ সিটি করপোরেশনের শহিদ শাহাবুদ্দিন মিলনায়তনে সাংবাদিকদের ডেকে অনুষ্ঠান সম্পর্কে কথা বলেন মন্ত্রী।
এসময় গণমাধ্যমকর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা শিক্ষকদের চিহ্নিত করে শিক্ষা বোর্ড ও জেলা পুলিশ সুপারকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানান মন্ত্রী। এসময় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ এবং সিটি প্রশাসক রুকুনোজ্জামান রোকন মন্ত্রীর সঙ্গে ছিলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘পাকিস্তান আমলে হওয়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় দেখিয়েই যাচ্ছে সবাই। বিভাগীয় শহর হিসেবে ময়মনসিংহে একটি বিশ্ববিদ্যালয় দরকার। ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজকে পাবলিক বিশ্ববিদ্যালয় করা হবে। পাশাপাশি আরও একটি পাবলিক বিশ্ববিদ্যালয় করা যায় কিনা সেটিও দেখা হচ্ছে।’
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মীর সভাপতিত্বে সভায় ময়মনসিংহ-৪ (সদর) আমনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য মুহাম্মদুল্লাহ, সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিঞা মো. নূরুল হক, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিন, জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।





