শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও আইনজীবী এমপি মো. সেলিম ভূঁইয়া বলেছেন, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কয়েক হাজার জাল সনদ দিয়েছে। তাই শিক্ষক নিয়োগটা পাবলিক সার্ভিস কমিশনে দিয়ে দেয়া হোক। তা না হওয়া পর্যন্ত ম্যানেজিং কমিটি ও গর্ভনিং বডি নিয়োগ দিতে পারবে। কমিটি ঘুষ খায় কিন্তু প্রার্থীদের নিজ এলাকায় চাকরি হয়।
শনিবার (২১ নভেম্বর) বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি কুমিল্লা জেলার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, যারা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নির্বাচিত হয়েছেন তাদের এনটিআরসিএ চাকরি দিয়ে দিচ্ছে। যদিও আইনে কোথাও লেখা নেই। এনটিআরসিএ’র চাকরি দেয়ার কোনো ক্ষমতা নেই। এটা গত মিটিংয়ে আমি ধরেছি। ওনারা একটা প্রজ্ঞাপনের কথা বললেন। জাতীয় সংসদে যে আইন পাস হয় সেই আইনকে রহিত করতে হলে আরেকটি আইন লাগবে। প্রজ্ঞাপন দিয়ে ওই আইনের ব্যত্যয় ঘটানো যাবে না।
মো. সেলিম ভূঁইয়া আরো বলেন, আর এনটিআরসি জাল সার্টিফিকেটের কারখানা। এ পর্যন্ত কয়েক হাজার জাল সার্টিফিকেট তারা দিয়েছে। ফ্যাসিস্ট সরকারের সময়। সেজন্য আমরা চাই যে এনটিআরসিএ সঠিকভাবে দেয়ার মতো অবস্থা তারা করতে পারে না, তাই আমরা চাচ্ছিলাম এই শিক্ষক নিয়োগটা পাবলিক সার্ভিস কমিশনে দিয়ে দেয়া হোক। যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত ম্যানেজিং কমিটি ও গর্ভনিং বডি দিতে পারবে। যেহেতু আইনে আছে।
কমিটির ঘুষ খাওয়া নিয়ে তিনি বলেন, ম্যানেজিং কমিটি গর্ভনিং বডি- এরা তো ঘুষ খায়। কিন্তু সার্টিফিকেট জাল তো এরা করতে পারে না। এরা আপনাদের কাছ থেকে কিছু টাকা ঘুষ খাবে কিন্তু সবাই তো খায় না। কিছু লোক খায়। তবু আপনার নিজের এলাকায় চাকরিটা হলো। আর এনটিআরসিএ দিলে এইরকম সমস্যা হবে। ওই রাঙ্গামাটির ওদিক থেকে নিয়ে যাবে দিনাজপুর। ঠাকুরগাঁ থেকে এনে দেবে খাগড়াছড়ি। সেজন্য আমরা এটা বলেছিলাম।





