ঢাকা | শুক্রবার, ১৯ জুন ২০২৬,৫ আষাঢ় ১৪৩৩

ধুনটে অগ্নিকাণ্ডে নিঃস্ব বিধবার পাশে ইউএনও


মুহূর্তের আগুন কেড়ে নিল সবকিছু। মাথা গোঁজার ঠাঁই, সঞ্চিত ধান চাল, পরনের কাপড় সবই পুড়ে ছাই। এমন অসহায় পরিস্থিতিতে বগুড়ার ধুনটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এক বিধবা পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী।


সোমবার (৫ এপ্রিল) দুপুরে তিনি উপজেলার চিকাশি ইউনিয়নের বড়িয়া গ্রামে গিয়ে ক্ষতিগ্রস্ত নাসিমা বেওয়ার বাড়ি পরিদর্শন করেন এবং তার খোঁজখবর নেন। এ সময় তিনি তার হাতে নগদ অর্থ ও শুকনো খাবার তুলে দেন।
জানা যায়, গত ৪ এপ্রিল শনিবার বিকেল ৪টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে নাসিমা বেওয়ার বাড়িতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। ঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন ভয়াবহ রূপ নেয়। চোখের সামনে পুড়ে যায় তার একমাত্র আশ্রয়স্থল।


আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। ঘরের আসবাবপত্র, কাপড়চোপড়, ধান-চাল ও সামান্য সঞ্চয় সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন এই বিধবা।
ক্ষতিগ্রস্ত নাসিমা বেওয়ার চোখে তখন শুধু কান্না আর অনিশ্চয়তার ছাপ। এমন কঠিন সময়ে তার পাশে দাঁড়িয়ে সহমর্মিতার হাত বাড়িয়ে দেন ইউএনও।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামী বলেন, যেকোনো দুর্যোগে উপজেলা প্রশাসন সবসময় অসহায় মানুষের পাশে রয়েছে।