চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে তার কার্যালয়ের ভেতরে রেখে তালা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। একইসেঙ্গে ভিসি ভবনের বিদ্যুৎ সংযোগ বন্ধ করেছেন চুয়েট শিক্ষার্থীরা। সোমবার (১২ অক্টোবর) সাড়ে বারোটারন দিকে এ ঘটনা ঘটে।
শিক্ষার্থীরা ভিসি ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করছেন এবং বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। ‘আমাদের দাবি, আমাদের দাবি, মানতে হবে, মানতে হবে’, ‘প্রত্যাখ্যান-প্রত্যাখ্যান, নতুন ভিসি প্রত্যাখ্যান’সহ নানা স্লোগান দেন তারা।
জানা গেছে নতুন উপাচার্য নিয়োগ পাবার পরে আজই প্রথম ক্যাম্পাসে আসার খবরে সকাল সাড়ে নয়টা থেকে ভিসি ভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। দুপুর ১২টার মধ্যে ভিসিকে কার্যালয় থেকে বের হয়ে যাওয়ার জন্য আলটিমেটাম দেন তারা। একপর্যায়ে দুপুর ১২টার পর তারা ভবনের ফটকে তালা ঝুলিয়ে দেন। ভিসি ভবনের বিদ্যুৎ–সংযোগও বিচ্ছিন্ন করে দিয়েছেন বলে জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, ‘উপাচার্য আমাদের দেওয়া তালা ভেঙে ভেতরে ঢুকেছেন। আমরা আলটিমেটাম দিয়েছিলাম, কিন্তু তিনি শোনেননি। তাই আমরা আবারও তালা দিয়েছি।’
ফটকে তালা দেওয়ায় ভবনটির ভেতরে ভিসির সঙ্গে আটকা পড়েছেন ছাত্রদল সভাপতি ওয়াসিফ রাশেদ সংগঠনটির কয়েকজন নেতা-কর্মী।
গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয় শেখ শরীফুল আলমকে। এর প্রতিবাদ এবং অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে পরদিন থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করে আসছেন শিক্ষার্থীরা। এরই অংশ হিসেবে উপাচার্য ভবনের ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরাও একই দাবিতে ওই দিন থেকে কর্মবিরতি পালন করে আসছেন।






