ঢাকা | মঙ্গলবার, ৯ জুন ২০২৬,২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিক্ষা মন্ত্রণালয় ‘ইবাদতখানা’, অসৎ কাজের স্থান নেই: শিক্ষামন্ত্রী

শিক্ষা মন্ত্রণালয় হচ্ছে ‘ইবাদতখানা’, এখানে অসৎ কাজের কোনো স্থান নেই বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শনিবার (৪ এপ্রিল) দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে কুমিল্লা অঞ্চলের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময়কালে শিক্ষামন্ত্রী এ মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী বলেন, নকল মুক্ত ও শিক্ষার মান ফিরিয়ে আনতে এবছর যে সমস্ত প্রতিষ্ঠানে জিরো পাবে তাদের এমপিও বাতিল হবে না। তবে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা থাকতে হবে। যেসব প্রতিষ্ঠানের আর্থিক অসচ্ছলতা রয়েছে, সেসব প্রতিষ্ঠানে প্রয়োজনে আমি টাকা দিব। তবে সিসি ক্যামেরায় সব রেকর্ড থাকতে হবে। পাশাপাশি বিদ্যুৎ সমস্যা সমাধানে আইপিএস রাখতে হবে। পরে বলা যাবে না বিদ্যুৎ না থাকায় রেকর্ড করা সম্ভব হয়নি। কোন লিকেজ থাকতে পারবে না। শিক্ষা মন্ত্রণালয় হচ্ছে এবাদতখানা। আমি আমার মন্ত্রণালয়কে এবাদত খানা মনে করি।

মন্ত্রী বলেন, আগামীতে পরীক্ষায় নকল হলে বা ধরা পড়লে কেন্দ্র সচিবকে দায়ী করা হবে। এমপিও বাতিল না হওয়া সম্পর্কে মন্ত্রী জানান, শুধু এ বছরের জন্য তা কার্যকর হবে।

কোচিং সেন্টার নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, কোচিং সেন্টার সব আস্তে আস্তে বন্ধ করা হবে। তবে আইন করে নয়। শিক্ষা ব্যবস্থা উন্নতির মাধ্যমে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, কুমিল্লা সদর আসনের এমপি মো. মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-০৯ আসনের এমপি মো. আবুল কালাম, কুমিল্লা-০৫ আসনের এমপি হাজী জসীম উদ্দিন, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো: রুহুল আমিন, মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মো. নূরুল হক, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান, জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান প্রমুখ।