রাজধানীর কদমতলীর একটি গ্যাসলাইট কারখানায় অগ্নিকাণ্ডে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ (শনিবার, ৪ এপ্রিল) দুপুরে কদমতলী চৌরাস্তার আল বারাকা হাসপাতালের পাশে ওই কারখানায় আগুন লাগে।
ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ফায়ার সার্ভিসের চেষ্টায় প্রায় দেড় ঘণ্টা পর দুপুর ২টা ৩০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত পাঁচজন নিহতের খবর পাওয়া গেছে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, কদমতলী চৌরাস্তা আল বারাকা হাসপাতালের পাশে একটি গ্যাসলাইট কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুপুর ১টা ১১ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। এরপর ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।






