চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সুমি আক্তার (২৮) ও তার দেড় বছর বয়সী মেয়ে ওয়াসিহা আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে স্বজনদের দাবি এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল ৪টার দিকে বৈরাগ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গুয়াপঞ্চক দেয়াং বাজার সরকারি আশ্রয় প্রকল্পের গুচ্ছগ্রামের একটি বসতবাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে পরিবারের সদস্যরা ঘরে প্রবেশ করে মা ও মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
সুমির স্বামী মোহাম্মদ মিজান (২৫)। তাদের গ্রামের বাড়ি কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকায়।
নিহতের বড় বোন বেবি আক্তার অভিযোগ করেন, “আমার বোন আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে। বিয়ের পর থেকেই তাকে নির্যাতন করা হচ্ছিল।”
গুয়াপঞ্চক ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ইদ্রিস জানান, “নিহতের স্বামী আমাকে খবর দিয়েছেন যে তার স্ত্রী ও মেয়ে আত্মহত্যা করেছে। আমি ঘটনাস্থলে গিয়ে তাদের ঝুলন্ত অবস্থায় দেখে থানায় খবর দিই। পরে পুলিশ আসে।”
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, “আমরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এটি আত্মহত্যা নাকি অন্য কিছু, তা নিশ্চিত হওয়া যাবে।”





