ঢাকা | রবিবার, ২২ নভেম্বর ২০২৬,৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংক কর্মকর্তা থেকে ভিসি: ড. ফরিদুল ইসলামের সংক্ষিপ্ত জীবনী


রাজশাহী বিশ্ববিদ্যালয়-এর নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম একজন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক। তিনি ১৯৬৮ সালের ৭ জুন রাজশাহীতে জন্মগ্রহণ করেন।

তিনি রাজশাহী বোর্ড থেকে ১৯৮৪ সালে এসএসসি এবং ১৯৮৬ সালে এইচএসসি পাস করেন। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৯ সালে মার্কেটিং বিষয়ে বিকম (সম্মান) এবং ১৯৯০ সালে এমবিএস ডিগ্রি অর্জন করেন। এমবিএস পরীক্ষায় অনুষদে প্রথম স্থান অধিকার করায় তিনি অগ্রণী ব্যাংক স্বর্ণপদকে ভূষিত হন।

উচ্চশিক্ষার জন্য তিনি সুইডিস সরকারের বৃত্তি নিয়ে গ্যোথেনবার্গ বিশ্ববিদ্যালয় থেকে ২০০৬ সালে এমএসসি এবং অস্ট্রেলিয়ান সরকারের বৃত্তিতে কার্টিন বিশ্ববিদ্যালয় থেকে ২০১৩ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়া কমনওয়েলথ বৃত্তিতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট আহমেদাবাদ থেকে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন।

তিনি ১৯৯৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন এবং ২০১৩ সালে প্রফেসর পদে উন্নীত হন। কর্মজীবনে তিনি আবাসিক শিক্ষক, বিভাগের সভাপতি, বিজনেস স্টাডিজ অনুষদের অধিকর্তা, ছাত্র-উপদেষ্টা এবং পরিকল্পনা ও উন্নয়ন কমিটির নির্বাচিত সদস্যসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

আন্তর্জাতিক অঙ্গনেও তাঁর অভিজ্ঞতা রয়েছে। তিনি কার্টিন বিশ্ববিদ্যালয়-এ ৩ বছর এবং কার্টিন বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ায় প্রায় ২ বছর পূর্ণকালীন শিক্ষকতা করেন। এছাড়া ব্র্যাক বিজনেস স্কুলে প্রায় ১১ বছর অ্যাডজাংক্ট ফ্যাকাল্টি হিসেবে পাঠদান ও গবেষণায় যুক্ত রয়েছেন।

অধ্যাপনায় যোগদানের আগে তিনি প্রায় দুই বছর একটি বেসরকারি ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে কাজ করেন।

গবেষণা ও সম্পাদনা ক্ষেত্রেও তিনি সক্রিয়। বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলন ও সেমিনারে অংশগ্রহণের পাশাপাশি তিনি ‘জার্নাল অব বিজনেস স্টাডিজ’-এর প্রধান সম্পাদক এবং ‘রাজশাহী ইউনিভার্সিটি জার্নাল অব সোশ্যাল সায়েন্স অ্যান্ড বিজনেস স্টাডিজ’-এর সম্পাদনা বোর্ডের সদস্য। তাঁর ৪০টিরও বেশি গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশে প্রকাশিত হয়েছে।

ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যার জনক। প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২৬তম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন।