ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে অপরাজেয় ৭১-অদম্য ২৪ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক বি এম ফাহমিদা আলমকে গণধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২০২১ সেশনের শিক্ষার্থী আলী হুসেনকে বিশ্ববিদ্যালয় থেকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। আলী হুসেনের বিপক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততার অভিযোগ উঠলেও তদন্ত কমিটি এমন কোনো প্রমাণ পায়নি।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিষয়টি সত্যানুসন্ধান তদন্ত কমিটির সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আলী হোসেন কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত বলে আমরা প্রমাণ পায়নি। সে নিজেও স্বীকারোক্তিতে বলেছে তার রাজনৈতিক সম্পৃক্ততা নেই। এর বাইরে এমন কোনো প্রমাণ আমরা পাইনি, যা দিয়ে তাকে রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত বলে মনে হয়।
তিনি আরও বলেন, আলী হোসেনের দু-একটি ছবি যেগুলো দিয়ে তাকে রাজনৈতিক সংশ্লিষ্ট বলে অভিযোগ করা হয় সেগুলো সম্পর্কে সে ব্যাখ্যা দিয়েছেন। এ ছাড়া কুরুচিপূর্ণ স্টাটাসটি আকস্মিক ক্ষোভে দিয়ে ফেলেছেন বলে তিনি ক্ষমাও চেয়েছেন।
বামপন্থী নেত্রীকে গণধর্ষণের হুমকির ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে আলী হুসেনের পুরাতন কিছু ছবি এবং স্ট্যাটাস দিয়ে অনেকে তাকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের সাথে সংশ্লিষ্ট বলে অভিযোগ করেছিলেন। তবে তদন্ত কমিটি তার কোন রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা পাননি৷
তবে তার সহপাঠীদের সাথে কথা বলে জানা যায়, শারীরিক প্রতিবন্ধী হওয়ায় তিনি সামাজিক যোগাযোগ মাধমেই বেশি সময় কাটাতেন। গণমাধ্যমের নিউজ এডিট করে নিজেকে নিয়েই বিভিন্ন নেতিবাচক পোস্ট করতেন।






