উৎসবমুখর পরিবেশ ও নানা আয়োজনে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) উদযাপিত হয়েছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ১৪৩৩। দিনব্যাপী আয়োজনের মধ্য দিয়ে ক্যাম্পাসজুড়ে ছড়িয়ে পড়ে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও আনন্দের রঙ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মাঠে এসে শেষ হয়। শোভাযাত্রায় ছিল গ্রামীণ ঐতিহ্যের প্রতীকী উপস্থাপন, মুখোশ, ব্যানার, ফেস্টুন এবং নানা বর্ণিল সাজসজ্জা, যা পুরো পরিবেশকে করে তোলে প্রাণবন্ত ও আকর্ষণীয়।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। এ সময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসানসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
আয়োজন শুধু শোভাযাত্রাতেই সীমাবদ্ধ ছিল না । বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত, নৃত্য, আবৃত্তি ও নাট্য পরিবেশনার মাধ্যমে তুলে ধরা হয় বাঙালির হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্য।








