ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রী ও তার মাকে ঠিকানা পরিবহনে হেনস্তার প্রতিবাদে পরিবহনের ২০টির বেশি বাস আটক করেছেন শিক্ষার্থীরা।
শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর সাইন্সল্যাব ও নীলক্ষেত মোড় এলাকায় বাসগুলো আটক করে ঢাবি হাজী মুহম্মদ মুহসীন হল মাঠে রাখা হয়।
ঘটনাটি মীমাংসার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে প্রক্টরিয়াল টিম, শিক্ষার্থী প্রতিনিধি এবং পরিবহন মালিকপক্ষের মধ্যে আলোচনা চলছে। সুষ্ঠু বিচার ও সমাধান নিশ্চিত না হওয়া পর্যন্ত আটক বাসগুলো ছাড়া হবে না বলে জানিয়েছেন আটককরা শিক্ষার্থীরা।
ভুক্তভোগী ছাত্রীর নাম সাজিয়া আফরিন মেহা। তিনি ঢাবির ২০২৪–২৫ শিক্ষাবর্ষের ছাত্রী।
ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, গতকাল শুক্রবার সকালে মা ও বোনকে সঙ্গে নিয়ে সিটি কলেজ থেকে বাইপাইল যাওয়ার উদ্দেশ্যে ঠিকানা পরিবহনের একটি বাসে ওঠেন তিনি। ওই রুটে আগে ৭০ টাকা ভাড়া নেওয়া হলেও বাসের হেলপার ৯০ টাকা দাবি করেন। ভাড়া বাড়ার বিষয়টি জানা না থাকায় এবং শিক্ষার্থীদের জন্য সপ্তাহে সাত দিনই অর্ধেক (হাফ) ভাড়ার নিয়ম থাকায় তিনি স্টুডেন্ট কার্ড দেখান।
মেহার অভিযোগ, হাফ ভাড়া ও বর্ধিত ভাড়া নিয়ে বাসের হেলপার তার সঙ্গে দুর্ব্যবহার ও চিৎকার-চেঁচামেচি শুরু করেন। একপর্যায়ে বাসের চালকও জানান, তারা আর কোনো শিক্ষার্থীর হাফ ভাড়া নেবেন না। বাধ্য হয়ে পুরো ভাড়া পরিশোধ করার পরও সহকারী অসদাচরণ চালিয়ে যান। মেহার মা এর প্রতিবাদ করলে বাস থেকে নামার পর ওই হেলপার তার মাকে উদ্দেশ করে অকথ্য ভাষায় গালাগাল ও অপমানজনক মন্তব্য করেন।
বাস আটক করা শিক্ষার্থীরা জানান, শুক্রবার রাতে ভুক্তভোগী শিক্ষার্থীর কাছ থেকে বিষয়টি জানার পর তারা এর প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নেন।
তারা বলেন, ‘ঠিকানা, নীলাচল ও রমজানসহ বেশ কয়েকটি পরিবহনে প্রায়ই শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার ও মাঝপথে নামিয়ে দেওয়ার ঘটনা ঘটছে। এরই প্রতিবাদে শনিবার বেলা ১১টা থেকে নীলক্ষেত মোড় এলাকায় ঠিকানা পরিবহনের ২০টির বেশি বাস আটক করা হয়েছে।’
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল প্রাং বলেছেন, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে প্রতিবাদের অংশ হিসেবে বাসগুলো আটক করা হলেও কোনো বাসের ক্ষতি করা হয়নি। বিষয়টি নিয়ে শিক্ষার্থী ও পরিবহন মালিকপক্ষের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসা হয়েছে।
তিনি জানান, মালিকপক্ষের প্রতিনিধিরা ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না বলে আশ্বাস দিয়েছেন। পাশাপাশি প্রতিটি বাসে ভাড়ার নিয়মাবলি ও তালিকা দৃশ্যমানভাবে টাঙিয়ে রাখার বিষয়েও আলোচনা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি বিবেচনায় আপাতত একটি প্রাথমিক বোঝাপড়া হয়েছে উল্লেখ করে প্রক্টর বলেন, পরবর্তী পর্যায়ে সরাসরি বাসের মূল মালিকদের ডেকে বিষয়টি নিয়ে আরও আলোচনা করা হবে।




