ঢাকা | বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬,৩ বৈশাখ ১৪৩৩

মেয়ে জাইমাকে নিয়ে ‘বনলতা এক্সপ্রেস’ দেখতে গেছেন‌ প্রধানমন্ত্রী

ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’ দেখতে মেয়ে জাইমা রহমানকে নিয়ে রাজধানীর একটি প্রেক্ষাগৃহে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী গুলশানের বাসা থেকে ধানমন্ডি জিগাতলায় সীমান্ত সম্ভারে পৌঁছান।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, ‘‘সুস্থ ধারার চলচ্চিত্র ও সংস্কৃতিকে উৎসাহিত করতেই মূলত প্রধানমন্ত্রী ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি দেখতে সরাসরি হলে গিয়েছেন। আমাদের বিশ্বাস, এর মাধ্যমে আগামীতে সৃজনশীল নির্মাতা ও অভিনেতা-অভিনেত্রীরা আরও উৎসাহিত হবেন।’’

এদিকে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সিনেমা হল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবুও সাধারণ দর্শকদের মধ্যে সিনেমাটি নিয়ে ব্যাপক উৎসাহ দেখা গেছে।

প্রখ্যাত লেখক হুমায়ূন আহমেদের লেখা ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ এবারের ঈদে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ছবিটি প্রযোজনা করেছে বুড়িগঙ্গা টকিজ, সহ-প্রযোজনায় রয়েছে হইচই স্টুডিওস এবং সহযোগিতায় ডোপ প্রোডাকশন্স।

এ সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা, সাবিলা নূর, শরীফুল রাজ, লাবণ্য চৌধুরী ও শামীমা নাজনীন।