ঢাকা | বুধবার, ১৫ এপ্রিল ২০২৬,২ বৈশাখ ১৪৩৩

‘গণধর্ষণের’ হুমকি: আলী হুসেনকে ৬ মাসের জন্য বহিষ্কার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে রিট করা বামপন্থী নেত্রীকে ‘গণধর্ষণের’ হুমকি দেওয়া আলী হুসেনকে ৬ মাসের জন্য নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সাথে, আনীত অভিযোগটি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিষয়ক কমিটিতে প্রেরণ করা হয়েছে।

আজ বুধবার (৩ সেপ্টেম্বর) জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ ও হুমকি দেওয়ার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের ২০২০ ২০২১ সেশনের শিক্ষার্থী আলী হুসেনকে বিশ্ববিদ্যালয় থেকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে গঠিত প্রক্টরিয়াল সত্যানুসন্ধান কমিটির সুপারিশের আলোকে তাকে বহিষ্কারের এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এতে আরও বলা হয়, এটি বিশ্ববিদ্যালয় অর্ডারে প্রদত্ত প্রক্টরের এখতিয়ারভুক্ত সর্বোচ্চ শাস্তি। তার শ্রেণি রোল ৫৪ এবং রেজিস্ট্রেশন নম্বর ২০২০২১২৭৬৮। সে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী। একই সঙ্গে আলী হুসেনের বিরুদ্ধে আনীত অভিযোগটি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিষয়ক কমিটিতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, ডাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের বৈধতা নিয়ে বামপন্থী সমর্থিত প্যানেল ‘অদম্য ২৪ অপরাজেয় ৭১’ প্যানেলের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বিএম ফাহমিদা আলম রিট করলে ডাকসু ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিতের আদেশ দেয় হাইকোর্ট। হুট করে উচ্চ আদালতের এমন আদেশে ‍উত্তপ্ত হয়ে উঠে পুরো ক্যাম্পাস। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলী হুসেন ঐ নারী প্রার্থীকে গণধর্ষণের পদযাত্রার হুমকি দেন।