ঢাকা | মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,৩১ ভাদ্র ১৪৩৩

অবৈধ শিক্ষার্থী অপসারণসহ ৮ দাবিতে ইবি শিবিরের সংবাদ সম্মেলন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলে অবস্থানরত অবৈধ শিক্ষার্থীদের অপসারণসহ আট দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বটতলায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে ছাত্রশিবিরের ৮ দফা দাবি হলো—

১. বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হলে অবৈধভাবে অবস্থানরত শিক্ষার্থীদের দ্রুততম সময়ের মধ্যে অপসারণ করা;

২. দলীয় সুপারিশে হলের সিট বরাদ্দ দেওয়া বন্ধ করা;

৩. মেধা, জ্যেষ্ঠতা ও বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুসরণ করে সিট বণ্টন করা;

৪. ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ করে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা;

৫. সিট বাণিজ্য বন্ধে প্রতিটি হলের সিট বণ্টনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা;

৬. হলগুলোতে রাজনৈতিক অপচর্চা মুক্ত শিক্ষার পরিবেশ তৈরি করা;

৭. সাম্প্রতিক ঘটনাপ্রবাহের প্রেক্ষাপটে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা; এবং

৮. হলের ডাইনিংগুলোতে মানসম্মত খাবার নিশ্চিত করা।

সংবাদ সম্মেলনে শাখা ছাত্রদল কর্মীদের হলে অবৈধভাবে অবস্থানের অভিযোগ তুলে শাখা শিবিরের সভাপতি ইউসুব আলী বলেন, ‘অধিকাংশ হলে সঠিক সময়ে সিট বরাদ্দ দেওয়া হচ্ছে না। সীমিত পরিসরে যা দেওয়া হচ্ছে তাতেও বৈষম্য করা হচ্ছে। ছাত্রদলের দেওয়া তালিকা অনুযায়ী সিট বরাদ্দ দেওয়া হচ্ছে। সম্প্রতি জিয়া হলে এক ছাত্রদল সদস্যের দীর্ঘদিন ধরে অবৈধভাবে অবস্থান করে আলোচনায় এসেছে। অন্যান্য হলেও এখন একই ধরনের অবস্থা।’

তিনি আরও বলেন, ‘আবাসিক হল কোনো রাজনৈতিক দলের অবৈধ প্রভাব বিস্তার কিংবা দলীয় লোকজনকে নিয়মবহির্ভূত আশ্রয় দেওয়ার জায়গা হতে পারে না। হলের সিট একজন শিক্ষার্থীর অধিকার। মেধা, জ্যেষ্ঠতাসহ সকল নীতিমালা অনুযায়ী সেই অধিকার নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। এছাড়া ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রন করে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাও প্রশাসনের দায়িত্ব। তাই আমাদের যৌক্তিক দাবি দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন না করলে শিক্ষার্থীদের সাথে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তুলবো।’