ঢাকা | রবিবার, ১ নভেম্বর ২০২৬,১৬ কার্তিক ১৪৩৩

খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩১ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি

খুলনা বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং, মারধর, হয়রানি ও মাদকসেবনের অভিযোগে ৩০ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাদের মধ্যে ১০ জনকে এক থেকে দুই টার্মের জন্য বহিষ্কার করা হয়েছে। গত ২৭ অক্টোবর শৃঙ্খলা বোর্ডের সভায় তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে এসব সিদ্ধান্ত নেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, গত বছরের ২৯ জুলাই ক্যাফেটেরিয়ায় ছয় শিক্ষার্থীকে হয়রানির ঘটনায় তিনজনকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

চলতি বছরের ৬ মে ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের ১২ নবীন শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের ঘটনায় একজনকে দুই টার্মের জন্য এবং আরেকজনকে এক টার্মের জন্য বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া দ্বিতীয়জনকে অর্থদণ্ডও দেয়া হয়েছে। বাকি ছয়জনকে অর্থদণ্ড দেয়া হয়েছে।

গত ১২ মে আইন ডিসিপ্লিনের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় একজনকে দুই টার্মের জন্য বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় আরও আটজনকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

এ ছাড়া গত ১৪ আগস্ট আবাসিক বাসায় ডেভেলপমেন্ট স্টাডিজের নবীন শিক্ষার্থীদের জোর করে ডেকে নেয়ার ঘটনায় একজনকে দুই টার্মের জন্য এবং তিনজনকে এক টার্মের জন্য বহিষ্কার করা হয়েছে। তাদের পাশাপাশি আরও চারজনকে অর্থদণ্ড দেয়া হয়েছে।

অন্যদিকে, গত ৩০ সেপ্টেম্বর নির্মাণাধীন একটি একাডেমিক ভবনে গাঁজাসহ আটকের ঘটনায় গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের একজনকে দুই টার্মের জন্য এবং দুজনকে এক টার্ম করে বহিষ্কার করা হয়েছে। তাদের অর্থদণ্ডও দেয়া হয়েছে।