ঢাকা | মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,৩১ ভাদ্র ১৪৩৩

‘যে পরীক্ষকরা খাতা ঠিকমত দেখেনি তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে’

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এসএসসির খাতা চ্যালেঞ্জ করে জিপিএ-৫ পেল ৩০৭৯ শিক্ষার্থী। প্রশ্ন আসে না এত কিভাবে বাড়লো? তাহলে কি এই পরীক্ষকদের জবাবদিহিতার আওতায় আনতে হবে না? যে পরীক্ষকরা খাতা ঠিকমত দেখেনি তাদের অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত ‘জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষাবৃত্তি ও ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, ন্যাশনাল ইউনিভার্সিটির পরীক্ষা দেখতে আমি হাবিবুল্লাহ বাহার কলেজে গিয়েছিলাম। এই বয়সে পরীক্ষার হলে যেতে আমার খারাপ লাগে। গিয়ে যা দেখলাম, সব ওপেন। আমি দেখেছি আপনারা দায়িত্ব পালনে গিয়ে বাধা পেয়েছেন। আমিও পাই। তবে কি আমি থেমে যাবো? সোশ্যাল মিডিয়া দিয়ে তো আমি আমার শিক্ষা চালাবো না।

মন্ত্রী বলেন, আমরা কি ৭ মাসে মেজর চেঞ্জ দেখতে পাচ্ছি? না। সাত মাসে সব হবে না। ভিসি আমানুল্লাহও সব করতে পারবেন না। কিন্তু এই যে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড, এটা তো উনি করেছেন, টু এপ্রিসিয়েট স্টুডেন্টস।

প্রসঙ্গত, জাতীয় বিশ্ববিদ্যালয় প্রথমবারের মত এবারই ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড চালু করেছে।