ঢাকা | রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,২২ ভাদ্র ১৪৩৩

শিক্ষার্থীরা যা লিখেছে সে অনুযায়ী এসএসসির ফল হয়েছে: শিক্ষামন্ত্রী

পরীক্ষায় শিক্ষার্থীরা যা লিখেছে, সে মোতাবেক এসএসসির ফল হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘এসএসসি পরীক্ষায় এবার ফল বাড়িয়ে ভালো দেখানো হয়নি।’

আজ (শুক্রবার, ৪ সেপ্টেম্বর) বিকেলে হোটেল সোনারগাঁওয়ে বিশ্ব সাহিত্য কেন্দ্র আয়োজিত বই পড়া কর্মসূচি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে কারিগরি শিক্ষাব্যবস্থার কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘বিশাল জনশক্তিকে কর্মক্ষম করতে কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার।’

এসময় শিক্ষা ব্যবস্থার কার্যক্রম নিয়ে তিনি বলেন, ‘শিক্ষার্থী ঝড়ে পড়া রোধে স্কুল ড্রেস প্রদান, মিড ডে মিল, উপবৃত্তি প্রদানসহ নানামুখী কর্মসূচি হাতে নিয়েছে সরকার।’

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘মাদকাসক্ত ও মোবাইল থেকে ফিরিয়ে আনার জন্য বিশ্ব সাহিত্য ও বিকাশ যে হাত বাড়িয়ে এমন কর্মসূচি আরও দরকার।’

শিক্ষা মন্ত্রণালয়ের কাজের বিষয়ে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ’শিক্ষা মন্ত্রণালয়ে কাজ করতে পারা একটা ইবাদত। কারণ এখান থেকেই জাতিগঠনের কাজ করা যায়। ঠিক মতো করতে পারলে এটাই সদকায়ে জারিয়া হিসেবে গণ্য হবে।’

অনুষ্ঠানে তিনি তরুণ প্রজন্মের বই পড়া নিয়ে বলেন, ‘বর্তমান প্রজন্মকে বই পড়ার অভ্যাসে ফিরিয়ে আনা হবে।’