২৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন লাইব্রেরি-কাম-অডিটোরিয়াম ভবনের নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে ময়মনসিংহের আনন্দমোহন সরকারি কলেজে।
এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগও পাওয়া গেছে। নিরাপত্তাহীনতার কারণে দুই দিন বন্ধ ছিল নির্মাণকাজ। এখনও আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় রয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও নির্মাণকাজের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা।
‘টিএই-বিবিসি-ডিসিএল’ নামের ঠিকাদারি প্রতিষ্ঠানটির কর্মীদের অভিযোগ, গত ৯ অক্টোবর সন্ধ্যায় ৮ থেকে ১০ জন ব্যক্তি তাদের ম্যানেজার মেজবাহ উদ্দিন সজলকে তুলে নিয়ে যান। প্রায় দুই ঘণ্টা আটকে রাখার পর মোটরসাইকেলে করে তাকে আবার কলেজে ফিরিয়ে দেওয়া হয়।
নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ তুলে কাজ বন্ধ রাখার বিষয়ে গত ১১ অক্টোবর কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে লিখিত চিঠি দেয় ঠিকাদারি প্রতিষ্ঠানটি।
ভুক্তভোগী মেজবাহ উদ্দিন সজল বলেন, “এমন পরিস্থিতির শিকার কোনো দিন হইনি। ভাবতেও অবাক লাগে, একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আমাকে তুলে নিয়ে চাঁদা চাওয়া হয়েছে। দুই ঘণ্টা আটকে রেখে ভয়ভীতি দেখানো হয়েছে।”
তবে যারা তুলে নিয়ে গিয়েছিল তাদের নাম জানেন না জানিয়ে তিনি বলেন, “তারা প্রায়ই কলেজে ঘোরাফেরা করেন।”






