ঢাকা | মঙ্গলবার, ১৯ মে ২০২৬,৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঈদে টানা ২৩ দিনের ছুটিতে যাচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয় 

পবিত্র ঈদ-উল-আযহা এবং গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে টানা ২৩ দিনের ছুটিতে যাচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। 

মঙ্গলবার (১৯ মে ) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে ২০২৬ সালের নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী আগামীকাল (২০ মে) বুধবার থেকে আগামী (১১ জুন) বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বন্ধ থাকবে। একই সাথে (২০ মে) বুধবার থেকে (০৪ জুন) বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল অফিসসমূহ বন্ধ থাকবে।

​বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘ ছুটির এই সময়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও জরুরি সার্ভিসের আওতাভুক্ত কর্মীবৃন্দ যথারীতি তাদের দায়িত্ব পালন করবেন। ছুটির সময়ে দায়িত্বে কোনো প্রকার অবহেলা পরিলক্ষিত হলে বিশ্ববিদ্যালয়ের চাকুরী শৃঙ্খলার বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া, ছুটির পরবর্তী প্রথম কর্মদিবসে স্ব স্ব বিভাগ ও দপ্তরের সকলের উপস্থিতি বা অনুপস্থিতি নিশ্চিত করে কর্তৃপক্ষকে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

​বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, ​বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও এই ছুটির মধ্যেই দুটি গুরুত্বপূর্ণ দিবস উদযাপনের বিষয়ে নির্দেশনা রয়েছে। 

প্রথমত, নজরুল জন্ম-জয়ন্তী ২০২৬-এর অংশ হিসেবে আগামী ২৫ মে ২০২৬ সকাল ১০:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হবে। উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, প্রভোস্ট, প্রক্টর ও প্রক্টোরিয়াল বডি এবং দপ্তর প্রধানসহ সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। তবে মূল নজরুল জন্ম-জয়ন্তী আগামী ২৪-২৫শে জুন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস খোলার পর উদযাপিত হবে।

​দ্বিতীয়ত, ছুটি চলাকালীন সময়ে আগামী ৩রা জুন ‘বিশ্ববিদ্যালয় দিবস’ উপলক্ষে ক্যাম্পাসে সীমিত পরিসরে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, পায়রা অবমুক্তকরণ ও মিষ্টি বিতরণ করা হবে। তবে বিশ্ববিদ্যালয় দিবসের মূল এবং বিস্তারিত অনুষ্ঠানমালা ছুটির পর যথারীতি অনুষ্ঠিত হবে।