জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে দিনব্যাপী “Workshop on Photography and Visual Communication” শীর্ষক আলোকচিত্র কর্মশালা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টা ৩০ মিনিটে বিভাগের মিডিয়া ল্যাব কক্ষে কর্মশালার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আশরাফুল আলম। তিনি বিভাগের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এবং শিক্ষার্থীদের ভিজ্যুয়াল জার্নালিজমে দক্ষ হয়ে ওঠার আহ্বান জানান।
কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সংবাদমাধ্যম Reuters–এর টেলিভিশন করেসপনডেন্ট স্যাম জাহান এবং দৈনিক প্রথম আলোর চিফ ফটো জার্নালিস্ট কবির হোসাইন।
কর্মশালার প্রথম সেশন সকাল ১০টা ৪০ মিনিট থেকে ১১টা ৪০ মিনিট পর্যন্ত পরিচালনা করেন কবির হোসেন। এ সময় তিনি নিজের তোলা বিভিন্ন আলোকচিত্রের কম্পোজিশন, ফ্রেম, লাইটিং ও ভিজ্যুয়াল উপস্থাপনা নিয়ে বিশদ আলোচনা করেন। পাশাপাশি ফটোজার্নালিজমে গল্প বলার কৌশল এবং একটি ছবির সংবাদমূল্য নির্ধারণের বিভিন্ন দিক তুলে ধরেন।

দ্বিতীয় সেশন অনুষ্ঠিত হয় দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত। সেশনটি পরিচালনা করেন স্যাম জাহান। তিনি “Visual Communication and Photography as a Profession” বিষয়ে আলোচনা করেন। এ সময় সংবাদমাধ্যমে আলোকচিত্রের গুরুত্ব, ভিজ্যুয়াল স্টোরিটেলিং, আন্তর্জাতিক গণমাধ্যমে কাজের অভিজ্ঞতা এবং পেশা হিসেবে ফটোজার্নালিজমের সম্ভাবনা নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। সেশন শেষে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন দুই রিসোর্স পার্সন।
এরপর দুপুর ১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত “Old Dhaka Through the Camera’s Eye” শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। একই সঙ্গে কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সনদপত্র প্রদান করেন বিভাগের শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিভাগের চেয়ারম্যান বলেন, “ফটোজার্নালিজম বর্তমান গণমাধ্যমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। একটি শক্তিশালী আলোকচিত্র অনেক সময় হাজার শব্দের চেয়েও বেশি কথা বলে। শিক্ষার্থীদের এই ধরনের আয়োজন বাস্তবধর্মী শিক্ষার সুযোগ তৈরি করে।”
সবশেষে দুপুর ১টা ৩০ মিনিটে বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন এবং প্রদর্শনী ঘুরে দেখেন। পরে প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
বিভাগ সূত্রে জানা যায়, চলমান “Photo Journalism” কোর্সের অংশ হিসেবেই এ কর্মশালা ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।





