চলমান মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রশ্নফাঁসের ভুয়া ও বিভ্রান্তিকর খবর প্রচারের অভিযোগে সময় টিভির বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ-সচিব মো. আব্দুস সালাম গতকাল রোববার দিনাজপুর সদর থানায় এই জিডি করেন। জিডিতে তিনি উল্লেখ করেন, একটি অসাধু চক্র এ ধরনের তথ্য প্রচারের মাধ্যমে শিক্ষা বোর্ড ও সরকারের ভাবমূর্তি বিনষ্টের চেষ্টা করছে। সোমবার দুপুরে তিনি দৈনিক আমাদের বার্তাকে বলেন, গত রোববার আমি জিডি করেছি।
জিডির কপিতে লেখা আছে, ‘২২ এপ্রিল ১১টা ৪০ মিনিটে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড নামক স্থানে আমার কর্মস্থলে অবস্থানের সময় আমার মোবাইল এর ফেসবুক আইডিতে প্রবেশ করে সময় টিভির ফেসবুক পেইজ যার লিংক নং- https://m.youtube.com/watch?v-ZHBe1009ZkM&fbclid- twRIRTSARZZjNleHRUA2FIbQJxMQBzcnRjBmFwcF9pZAo2NjI4NTY4Mzc5AAEeoGHcymkxplfOwH4uBoM7rYmR0fPZT_J7Srk3P1CXVEXI এর মাধমে জানতে পাই যে, সময় টিভির রংপুরের প্রতিনিধি মো. আব্দুর রশিদ জীবন সময় টিভির ভেরিফায়েইড অললাইন পেজে প্রশ্নপত্রফাঁস সংক্রান্ত রির্পোট প্রকাশ করেছেন। তাতে তিনি উল্লেখ করেন যে, টেলিগ্রামে এসএসসি পরীক্ষা-২০২৬ এর প্রশ্নপত্র পাওয়া যাচ্ছে এবং যা চলমান এসএসসি পরীক্ষা-২০২৬ এর প্রশ্নপত্রফাঁস সংক্রান্ত ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে একটি অসাধু চক্র শিক্ষার্থী, অভিভাবক এবং সাধারণ জনগণের মধ্যে বিভ্রান্তি, আতঙ্ক ও নৈতিক অবক্ষয় সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এই সংবাদ প্রকাশ করার মাধ্যমে শিক্ষা বোর্ড ও সরকারের ভাবমূর্তি বিনষ্টের চেষ্টা করছে। আমি বিভিন্নভাবে চেষ্টা করেও এই অপপ্রচাকারী অসাধু চক্র পরিচয় শনাক্ত করতে ব্যর্থ হই। উল্লেখ্য যে, এই বিষয়ে সুনির্দিষ্ট তথ্য উপাত্ত না থাকায় আপাতত বিষয়টি সাধারণ ডাইরিভুক্ত করে রাখা প্রয়োজন। ভবিষ্যতে তথ্য উপাত্তের ভিত্তিতে প্রয়োজন সাপেক্ষে মামলা করার জন্য আবেদন করা হবে।’
এর আগে চলমান মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ভুয় তথ্য ছড়ানোর অভিযোগ ওঠে বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির বিরুদ্ধে।
অপরদিকে প্রশ্নপত্র দেয়ার নামে শিক্ষার্থীদের থেকে অর্থ হাতিয়ে নেয়া চক্রের চার সদস্যকে গ্রেফতার করে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। চক্রটি দীর্ঘদিন ধরে প্রশ্নপত্র দেয়ার নামে শিক্ষার্থী ও সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায় করে আসছিলেন।
গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ভুয়া তথ্য ছড়িয়ে একটি অসাধু চক্র বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে জানায়, ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
‘সতর্কীকরণ বিজ্ঞপ্তি’ দিয়ে ঢাকা শিক্ষা বোর্ড জানায়, চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস–সংক্রান্ত ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে একটি অসাধু চক্র শিক্ষার্থী, অভিভাবক এবং সাধারণ জনগণের মধ্যে বিভ্রান্তি, আতঙ্ক ও নৈতিক অবক্ষয় সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে এবং সরকারের ভাবমূর্তি বিনষ্টের চেষ্টা করছে।
খোদ শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনও প্রশ্নফাঁসের গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।
এ বছর ২১ এপ্রিল থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমানে পরীক্ষা। এ পর্যন্ত তিনটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল মঙ্গলবার ইংরেজি ২য়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে।





