ঢাকা | মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬,১৫ বৈশাখ ১৪৩৩

পরীক্ষায় অসদুপায়: রুয়েটের পাঁচ শিক্ষার্থীকে দুই বছরের বহিষ্কার

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে পাঁচ শিক্ষার্থীকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ডিসিপ্লিনের সভায় অভিযোগসমূহ পর্যালোচনা শেষে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষা, শিক্ষার্থীদের আচরণবিধি তদারকি, অনিয়ম ও অপরাধ তদন্ত এবং প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে দায়িত্বপ্রাপ্ত বোর্ড অব ডিসিপ্লিন সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিরুদ্ধে আনা অভিযোগ যাচাই করে। সভায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে অননুমোদিত উপকরণ বহন ও ব্যবহারের বিষয়টি গুরুত্বসহকারে পর্যালোচনা করা হয়।

সভা সূত্রে জানা যায়, অভিযুক্ত পাঁচ শিক্ষার্থীর প্রত্যেকের কাছ থেকে পরীক্ষার সময় অননুমোদিত উপকরণ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে হাতে লেখা সংক্ষিপ্ত নোট, লিখিত চিরকুট এবং বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ সূত্র ও তথ্যসম্বলিত কাগজপত্র পাওয়া যায়।

সিদ্ধান্ত অনুযায়ী, ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ECE) বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের দুই শিক্ষার্থী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী, পুরকৌশল (সিভিল ইঞ্জিনিয়ারিং) বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী এবং যন্ত্রকৌশল (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং) বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী এই শাস্তির আওতায় এসেছেন।

বোর্ড অব ডিসিপ্লিনের সদস্য-সচিব ও ছাত্রকল্যাণ পরিচালক রবিউল ইসলাম সরকার বলেন, “বিশ্ববিদ্যালয়ে নৈতিকতা ও একাডেমিক সততা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো শিক্ষার্থী অসদুপায় অবলম্বন করলে তা শুধু ব্যক্তিগত ক্ষতিই নয়, পুরো শিক্ষা ব্যবস্থার গ্রহণযোগ্যতাকেও প্রশ্নবিদ্ধ করে। আমরা পরীক্ষায় অনৈতিকতা ও অসদুপায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি এবং ভবিষ্যতেও এ বিষয়ে কঠোর অবস্থান বজায় থাকবে।”

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং নৈতিক মানদণ্ড প্রতিষ্ঠায় এ ধরনের কঠোর সিদ্ধান্ত ভবিষ্যতেও অব্যাহত থাকবে।