অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা এমপিওভুক্তির দাবিতে ঈদের দিন প্রধানমন্ত্রীর বাসভবন অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছেন ইবতেদায়ি মাদরাসা শিক্ষকরা। কয়েকদিন যাবত তারা ‘ঈদ বর্জন’ করে অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা এমপিওভুক্ত এবং বেতন ছাড়ের দাবিতে লাগাতার অবস্থান ধর্মঘট চালিযে আসছেন। গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করা আন্দোলনকারী শিক্ষকরা এ কর্মসূচি ঘোষণা করেন।
এমনকি দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার হুঁশিয়ারি দেন তারা। এর আগে, গত রোববার দুপুরে শিক্ষকরা ইবতেদায়ি মাদরাসা এমপিওভুক্ত করার দাবিতে সচিবালয়ের উদ্দেশে পদযাত্রা করলে পুলিশ তাদের আটকে দেয়। পরে সন্ধ্যায় শিক্ষক নেতারা সভা করে মাদরাসা অনির্দিষ্টকালের জন্য ‘বন্ধ’ও ঈদ বর্জনের সিদ্ধান্ত নেন বলে জানান আন্দোলনকারীদের সংগঠনের সদস্য সচিব আব্দুল হান্নান হোসেন।
এদিকে গতকাল টানা পঞ্চম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন ইবতেদায়ি শিক্ষকরা। ‘স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক কল্যাণ কমিটি’ নামে একটি সংগঠনের ব্যানারে গত বৃহস্পতিবার এই অবস্থান কর্মসূচি পালন করছে তারা।
সংগঠনের সদস্য সচিব আব্দুল হান্নান হোসেন বলেন, অন্তর্বর্তী সরকার ইবতেদায়ি মাদরাসাগুলোকে এমপিওভুক্ত করার যে আশ্বাস
দিয়েছিল সে আশ্বাস মতো মাদরাসাগুলো এমপিওভুক্ত না করা পর্যন্ত এ অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। আমরা এমপিওভুক্ত না হওয়া পর্যন্ত মাদরাসাগুলো বন্ধ রাখার ঘোষণা দিয়েছি। একই সঙ্গে আমরা ঈদ বর্জন করে অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। ঈদের দিন এমপিও ভুক্তির দাবি নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবন উদ্দেশে পদযাত্রা করব।
এদিকে কোরবানির ঈদ ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুরু হয়েছে। দেশের সব মাদরাসায় গত রোববার থেকে ছুটি শুরু হয়ে চলবে ১১ জুন পর্যন্ত। পরবর্তী ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটির পর ১৪ জুন থেকে পুনরায় এ প্রতিষ্ঠানগুলোর শ্রেণিকক্ষ খুলবে। ঈদের এ ছুটির মধ্যেই ইবতেদায়ি মাদরাসাগুলো দাবি আদায় না হওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করলেন শিক্ষকরা।
মাদরাসা ও কারিগরি শিক্ষা বিভাগের তথ্যানুযায়ী, দেশে অনুদানভুক্ত এক হাজার ৫১৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা রয়েছে। এসব প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক প্রতি মাসে পাঁচ হাজার টাকা এবং সহকারী শিক্ষকরা তিন হাজার টাকা করে অনুদান পেয়ে থাকেন।





