ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্মকর্তা সমিতির ২০২৬-২৭ বর্ষে সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল মঈদ বাবুল ও সাধারণ সম্পাদক হয়েছেন তোজাম্মেল হক তোজাম। এ নির্বাচনে মোট ১৫ পদের ১৪টিতে জয়লাভ করেছে সম্মিলিত কর্মকর্তা ঐক্য পরিষদ ‘আব্দুল মঈদ বাবুল-তোজাম পরিষদ’ এবং মাত্র এক পদে জিতেছে বাংলাদেশী জাতীয়তাবাদ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ‘রিপু-লতিফ পরিষদ’। শনিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শেষে রাত সাড়ে দশটায় এই ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার হাফিজুর রহমান বাচ্চু।
সম্মিলিত কর্মকর্তা ঐক্য পরিষদের অন্য বিজয়ীরা হলেন সহ-সভাপতি ইয়ারুল ইসলাম ও ড. ওয়াহীদুজ্জামান, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ, কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম, প্রচার ও দপ্তর সম্পাদক আরিফ হোসেন, সাংস্কৃতিক সাহিত্য-পত্রিকা ও ক্রীড়া সম্পাদক আব্দুর রাজ্জাক এবং মহিলা বিষয়ক সম্পাদক সুলতানা পারভীন। এছাড়া সদস্য হয়েছেন শহিদুল ইসলাম শহিদ, আবু জাফর আদম, জাহাঙ্গীর আলম, সাইদুর রহমান ও আমিরুল ইসলাম এবং রিপু-লতিফ পরিষদের সদস্য জাকির হোসেন জাকির।
নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় কর্মকর্তারা তাদের অধিকার থেকে বঞ্চিত ছিলেন। আমরা আমাদের ইশতেহার বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দ্রুত কাজ শুরু করবো। আমাদের প্রথম কাজ হবে কর্মকর্তাদের চাকরির মেয়াদ ৬২ বছর নিশ্চিত করা। দলমত নির্বিশেষে কর্মকর্তা সমিতিকে সবার জন্য নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে তুলবো।







