বিদেশি অপারেটর নিয়োগের সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। বেলা ১২:৩০ টায় আয়োজিত সংবাদ সম্মেলনে তারা বলেন, চট্টগ্রাম বন্দরের দীর্ঘদিনের অদক্ষতা, জটিলতা ও সিন্ডিকেট প্রথা ভাঙতে বিদেশি অপারেটর নিয়োগ সময়োপযোগী পদক্ষেপ।
শিক্ষার্থীদের মতে, পিপিপি বা বিদেশি বিনিয়োগ সার্বভৌমত্বের জন্য হুমকি নয়; বরং ভারত, চীন ও ভিয়েতনামের মতো দেশগুলো এ মডেলে সফল। আধুনিক প্রযুক্তি, অটোমেশন ও আন্তর্জাতিক মানের ব্যবস্থাপনা ছাড়া চট্টগ্রাম বন্দর আর প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে না।
শিক্ষার্থীরা বলেন, BOT মডেলে লালদিয়া টার্মিনাল নির্মিত হলে সরকারের বিনিয়োগ ছাড়াই উন্নত অবকাঠামো তৈরি হবে, নির্দিষ্ট মেয়াদ শেষে তা রাষ্ট্রের অধীনে চলে আসবে এবং রাজস্ব বাড়বে। বিদেশি অপারেটর এলে অটোমেশন ও স্বচ্ছতা বৃদ্ধি পাবে, দুর্নীতি কমবে, জাহাজ খালাসের সময় ৭–১২ দিন থেকে নেমে ১৮–২৪ ঘণ্টায় আসবে যা বাণিজ্য ও রপ্তানিকে ত্বরান্বিত করবে।
চাকরি কমার আশঙ্কাকে তারা ভিত্তিহীন বলে উল্লেখ করেন। বরং নতুন টার্মিনাল, প্রযুক্তি ও প্রশিক্ষণের ফলে কর্মসংস্থান ও দক্ষতা দুটোই বাড়বে। আমদানিকারকদের অতিরিক্ত ডেমারেজ ব্যয় কমলে ভোক্তাও উপকৃত হবে।
তারা অভিযোগ করেন, কিছু মহল অপপ্রচারের মাধ্যমে পুরোনো অদক্ষ কাঠামো রক্ষা করতে চাইছে। শিক্ষার্থীরা সরকারের প্রতি আহ্বান জানান, সিন্ডিকেটের চাপ উপেক্ষা করে বন্দর সংস্কার দ্রুত বাস্তবায়ন করার জন্য।
সর্বশেষ, উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির পোর্ট ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিকস বিভাগের সহকারী অধ্যাপক মোস্তফা আজিজ শাহিন। তিনি তাঁর দীর্ঘ অভিজ্ঞতার আলোকে বন্দর ব্যবস্থাপনার বিভিন্ন দিক তাত্ত্বিক ও ব্যবহারিকভাবে বর্ণনা করেন।








