২০২৪ সালে জাতীয় দল থেকে অবসর নেন আর্জেন্টাইন ফুটবলের জীবন্ত কিংবদন্তি অ্যাঞ্জেল ডি মারিয়া। ১৪৫ ম্যাচে ৩১ গোল করা ৩৮ বছর বয়সী এই উইঙ্গার এখনো রয়েছেন দুর্দান্ত ছন্দে। শৈশবের ক্লাব রোসারিও সেন্ট্রালের হয়ে নিয়মিত গোল করছেন, করাচ্ছেনও। সোমবার আর্জেন্টাইন লিগে বারাকা সেন্ট্রালের বিপক্ষে ২-০ গোলের জয়ে এক গোল করেন ডি মারিয়া। আগের দুই ম্যাচেও সতীর্থদের দিয়ে দুটি গোল করিয়েছেন ‘এল ফিদিও’। ক্লাবটির ইতিহাসে ৩৮ বছর বয়সের পর গোল করা মাত্র চারজন ফুটবলারের একজন তিনি যা প্রমাণ করে, বয়স শুধু সংখ্যা।
তবে ২০২৬ বিশ্বকাপে ডি মারিয়াকে আবার আকাশী-সাদা জার্সিতে দেখা যেতে পারে এমনটাই বিশ্বাস আর্জেন্টিনার কিংবদন্তি গোলরক্ষক উভালদো মাতিলদা ফিল্লোল। ১৯৭৮ সালের বিশ্বকাপজয়ী এই তারকা সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় জানান, কোচিং স্টাফ ও কয়েকজন খেলোয়াড় ডি মারিয়াকে জাতীয় দলে ফেরাতে উৎসাহিত করছেন। আমি যা শুনেছি, তাতে মনে হচ্ছে তাকে ফেরানোর চেষ্টা চলছে। বর্তমান পারফরম্যান্স দেখলে সন্দেহ নেই, সে এখনো খেলতে প্রস্তুত। আমার ধারণা, তাকে পরবর্তী বিশ্বকাপে খেলতে রাজি করানো সম্ভব হবে।
ফিল্লোলের মন্তব্যে সামাজিক মাধ্যমে ভক্তদের প্রতিক্রিয়া ছিল মিশ্র। কেউ মনে করেন, জাতীয় দলের সঙ্গে ডি মারিয়ার বিদায়টাই ছিল নিখুঁত সমাপ্তি। আবার অনেকে চান, বিশ্বকাপ জয়ের স্বপ্নে তাকে আবার দলে দেখা যাক। অবসর ভেঙে বিশ্বকাপে ফেরাএ সিদ্ধান্ত এখনো আনুষ্ঠানিক নয়। তবে পারফরম্যান্স, সতীর্থ ও সাবেক তারকাদের সমর্থন সব মিলিয়ে আলোচনার কেন্দ্রে আবারও অ্যাঞ্জেল ডি মারিয়া। ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে তাকে দেখা যাবে কি না, সেটাই এখন বড় প্রশ্ন।







