জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান হিসেবে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. নঈম আকতার সিদ্দিককে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন সাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানান বিশ্ববিদ্যালয় প্রশাসন।
অফিস আদেশে বলা হয়,”পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে কর্মরত অধ্যাপক ড. মোঃ নঈম আকতার সিদ্দিক কে লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান নিযুক্ত করা হলো।
আদেশ অনুযায়ী, দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। আগামী ২৬ জুলাই ২০২৬ থেকে এ আদেশ কার্যকর হবে।
অনুভূতি ব্যক্ত করে তিনি বলেন,”আমি সবসময় আমার দায়িত্ব নিয়ে বদ্ধপরিকর। এই দায়িত্বগুলো অনেক গুরুত্বপূর্ণ। আমি আমার দায়িত্ব সবসময় সততা এবং নিষ্ঠার সাথে পালন করে থাকি। বিভাগের উন্নয়নের স্বার্থে শিক্ষা ও গবেষণায় সবসময় সাহায্য করব।”
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দায়িত্বের পাশাপাশি লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব সমন্বয়ের সম্পর্কে তিনি বলেন,”আমি মুলত রাষ্ট্রবিজ্ঞান বিভাগেই থাকব। আমার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে আমি লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান এর দায়িত্ব পালন করব।”







