ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘ইসলামিক স্টাডিজ ও ‘বাংলাদেশ স্টাডিজ’ দুই কোর্সকে ঐচ্ছিক করা এবং শিক্ষার্থীর নিজস্ব পছন্দ এবং অ্যাকাডেমিক স্বাধীনতা নিশ্চিত করার দাবিতে মৌন মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থীরা।
শনিবার (১২ জুলাই) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন হয়। মানববন্ধনে বিভিন্ন বিভাগের সনাতনী শিক্ষার্থীরা অংশ নেন। মানববন্ধন শেষে তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.কে.এম. মতিনুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় তারা উপাচার্য বরাবর এ বিষয়ে একটি স্মারকলিপি দেন।
শিক্ষার্থীদের চার দফা দাবির মধ্যে রয়েছে— সকল শিক্ষার্থীর জন্য ‘ইসলাম শিক্ষা’ কোর্স বাধ্যতামূলক করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে এটিকে ঐচ্ছিক করা; শিক্ষার্থীদের নিজ নিজ ধর্মীয় শিক্ষা অথবা সমমানের বিকল্প কোর্স গ্রহণের সুযোগ নিশ্চিত করা; ‘বাংলাদেশ স্টাডিজ’ কোর্স এবং এর বাধ্যতামূলকতা পুনর্বিবেচনা করা; এবং ভবিষ্যতে এ ধরনের অ্যাকাডেমিক সিদ্ধান্ত গ্রহণের আগে সংশ্লিষ্ট সব ধর্মীয় ও সাংস্কৃতিক সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করা।
সনাতনী শিক্ষার্থীরা বলেন, বিষয়টি নিয়ে এর আগেও বিভিন্ন ছাত্রসংগঠন ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়া হলেও এখন পর্যন্ত দৃশ্যমান সমাধান হয়নি।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.কে.এম. মতিনুর রহমান বলেন, “শিক্ষার্থীদের দাবিগুলো পরবর্তী অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় উত্থাপন করা হবে। বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।”





