ঢাকা | বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬,৩ বৈশাখ ১৪৩৩

দোকানির ভুলে ভর্তি পরীক্ষা দিতে পারলেন না সানজানা

গুচ্ছভুক্ত সমন্বিত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে জাল প্রবেশপত্র নিয়ে প্রবেশের ঘটনা ঘটেছে। শুক্রবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রের ইবনে সিনা বিজ্ঞান ভবনে এ ঘটনা ঘটে। ওই পরীক্ষার্থীর নাম সানজানা ইসলাম।তিনি হলে প্রবেশের সময় দায়িত্বরত কর্মকর্তারা তার প্রবেশপত্র যাচাই করতে গিয়ে অসঙ্গতি দেখতে পান। পরে তাৎক্ষণিক যাচাই-বাছাইয়ে প্রবেশপত্রটি জাল প্রমাণিত হলে তাকে কেন্দ্রে প্রবেশ করতে না দিয়ে ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত মুচলেকা নিয়ে তাকে ক্যাম্পাস ত্যাগের নির্দেশ দেয়। সানজানা ইসলাম কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাসিন্দা।

অভিযুক্ত পরীক্ষার্থী জানান, গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে তিনি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন না করে একটি স্থানীয় কম্পিউটার দোকান থেকে আবেদন করেছিলেন। দোকানদারের কথা অনুযায়ী নাম, ছবি ও অভিভাবকদের নামসহ অন্যান্য তথ্য সরবরাহ ও চাহিদামত অর্থ দিলেও ওই দোকানদার তাকে প্রতারিত করেছে।

এদিকে এ ঘটনায় নিজের ভুল স্বীকার করে ওই পরীক্ষার্থী কুষ্টিয়ার জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলামের কাছে লিখিত আবেদন জমা দেন। আবেদনে তিনি ব্যক্তিগত অসতর্কতার কারণে এমন ঘটনা ঘটেছে উল্লেখ করে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে এ ধরনের ভুল না করার প্রতিশ্রুতি দেন।

ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম জানান, “এসএসসি রেজিস্ট্রেশন কার্ডের সঙ্গে মিলিয়ে দেখা গেছে প্রবেশপত্রটি জাল। তবে তিনি প্রক্সি পরীক্ষার্থী নন এবং নিজেই প্রতারণার শিকার হয়েছেন বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। তাই পাবলিক পরীক্ষা আইন, ১৯৮২ অনুযায়ী ভবিষ্যতে এ ধরনের কাজ না করার শর্তে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট দোকানদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”